×
Logo

জাতীয়

বিশ্বকাপকে কেন্দ্র করে এখন পর্যন্ত ১০ জনের মৃত্যু: ক্রীড়া প্রতিমন্ত্রী

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৯ জুলাই ২০২৬, ০৮:৫১ পিএম

বিশ্বকাপকে কেন্দ্র করে এখন পর্যন্ত ১০ জনের মৃত্যু: ক্রীড়া প্রতিমন্ত্রী

ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেছেন, বিশ্বকাপ ফুটবলকে কেন্দ্র করে বেশ কিছু সহিংসতা ঘটেছে। বেশ কিছু জায়গায় বিশৃঙ্খলা তৈরি হয়েছে। এখন পর্যন্ত, আজকের তথ্য অনুযায়ী, ১০ জন লোক মারা গেছেন।

বৃহস্পতিবার (৯ জুলাই) সিলেট-৩ আসনের বিএনপির সংসদ সদস্য মোহাম্মদ আব্দুল মালেকের একটি বেসরকারি প্রস্তাবের ওপর আলোচনাকালে প্রতিমন্ত্রী এসব তথ্য জানান।

ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। দেশবাসীর কাছে আহ্বান, খেলা কেবল একটি আনন্দময় বিষয়। এটি নিছক আনন্দ ছাড়া তেমন কিছু নয়। সেটিকে নিয়ে আমাদের উত্তেজনা থাকবে, উৎসাহ থাকবে। ঘরে ঘরে ব্রাজিল ও আর্জেন্টিনার সমর্থকদের যে লড়াই, সেটাও চলমান রয়েছে।

তিনি আরও বলেন, যদিও ব্রাজিলের সমর্থকেরা এখন হতাশ, কারণ তাদের দল হেরে গেছে। আর আর্জেন্টিনার সমর্থকেরা এখনও স্বপ্ন দেখছেন যে তাদের দল বিশ্বকাপ ফুটবলে জয়ী হতে পারে।

ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশের প্রেক্ষাপটে ব্রাজিল-আর্জেন্টিনা নিয়ে যে উত্তেজনা, যে উৎসবমুখর পরিবেশ, এটি যেন আনন্দের মধ্যেই থাকে। এটিকে কেন্দ্র করে কেউ ভবিষ্যতে কোনো বিশৃঙ্খলা কিংবা কোনো সহিংসতা সৃষ্টি করে কোনো প্রাণনাশের ঘটনা যাতে না ঘটে। সেজন্য দেশবাসীর কাছে আহ্বান জানাচ্ছি।

/এসআইএন


Logo