এনআইডির তথ্য বিক্রি নিয়ে যমুনায় সংবাদ: অনুসন্ধানে জোর দিল দুদক
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৯ জুলাই ২০২৬, ০৬:৫৪ পিএম
দেশের প্রায় ১১ কোটি মানুষের এনআইডির ব্যক্তিগত তথ্য ফাঁস ও অবৈধভাবে বিক্রির অভিযোগে অনুসন্ধান জোরদার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এই ঘটনায় বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি), নির্বাচন কমিশনসহ সংশ্লিষ্ট বিভিন্ন দফতরের প্রয়োজনীয় নথি ও তথ্য চেয়ে চিঠি পাঠিয়েছে সংস্থাটি।
প্রসঙ্গত, ২০২৪ সালের ৪ অক্টোবর যমুনা টেলিভিশনের ইনভেস্টিগেশন থ্রি সিক্সটি ডিগ্রিতে ‘জয়ের তথ্য বিক্রির ফরমুলা’ শিরোনামে এক অনুসন্ধানী প্রতিবেদন প্রচার করা হয়। এতে ওঠে আসে, কীভাবে জাতীয় তথ্যভাণ্ডারে থাকা নাগরিকদের ব্যক্তিগত তথ্য বেআইনিভাবে অন্য প্রতিষ্ঠানে বিক্রি করে কোটি কোটি টাকার ব্যবসা করা হয়েছে।
ওই প্রতিবেদনের সূত্র ধরে এনআইডির তথ্য ব্যবহার করে ডিজিকন গ্লোবাল সার্ভিসেসকে ব্যবসার অনুমতি দেওয়ার অভিযোগে ঢাকার কাফরুল থানায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়, সাবেক তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকসহ ১৯ জনের বিরুদ্ধে এনামুল হক নামের এক ব্যক্তি গত বছরের ৯ অক্টোবর মামলা করেন।
এই মামলায় বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের সাবেক পরিচালক এম বরকতউল্লাহ এবং আইসিটি মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব এন এম জিয়াউল আলমকে গ্রেফতার করা হয়।
/এমএন