×
Logo

জাতীয়

জাতীয় পরিবেশ পদক-২৫ অর্জনকারী ৩ প্রতিষ্ঠানের আদ্যোপান্ত

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৯ জুলাই ২০২৬, ০৩:২৩ পিএম

জাতীয় পরিবেশ পদক-২৫ অর্জনকারী ৩ প্রতিষ্ঠানের আদ্যোপান্ত

পরিবেশ সংরক্ষণ, পরিবেশ বিষয়ক শিক্ষা ও প্রচার এবং পরিবেশ বিষয়ক গবেষণা ও প্রযুক্তি উদ্ভাবনে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ তিন ব্যক্তি ও তিন প্রতিষ্ঠানকে ‘জাতীয় পরিবেশ পদক ২০২৫’ প্রদান করা হয়েছে। জাতীয় এই গৌরবময় পদক জিতে নেওয়া তিন প্রতিষ্ঠান কারা? কি বা তাদের পরিচয়। চলুন জেনে নিই। 

পরিবেশ সংরক্ষণ ও দূষণ নিয়ন্ত্রণে বিশেষ অবদানের জন্য ক্লাসিক্যাল হ্যান্ডমেইড প্রোডাক্টস বিডি লিমিটেড, পরিবেশ বিষয়ক শিক্ষা ও প্রচার ক্যাটাগরিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস ও পরিবেশ বিষয়ক গবেষণা ও প্রযুক্তি উদ্ভাবন ক্যাটাগরিতে এই গৌরবময় পদক পেয়েছে বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট। 

ক্লাসিক্যাল হ্যান্ডমেইড প্রোডাক্টস বিডি লিমিটেড 

ক্লাসিক্যাল হ্যান্ডমেইড প্রোডাক্টস বিডি লিমিটেড বা (সিএইচপি) বাংলাদেশের একটি হস্তশিল্প ও হোম-ফার্নিশিং পণ্য প্রস্তুতকারক ও রফতানিকারক প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি মূলত পরিবেশবান্ধব প্রাকৃতিক তন্তু ব্যবহার করে হাতে তৈরি ও মেশিনে বোনা বিভিন্ন পণ্য উৎপাদন করে আন্তর্জাতিক বাজারে রফতানি করে। ২০০৮ সালে যাত্রা শুরু করা প্রতিষ্ঠানটির প্রধান দফতর রাজধানীর মতিঝিলে। দেশের নীলফামারীসহ উত্তরাঞ্চলের বিভিন্ন এলাকায় উৎপাদন তাদের কেন্দ্র রয়েছে।

ইনস্টিটিউট অব ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস, চবি 

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বনবিদ্যা ইনস্টিটিউট (আইএফসিইউ) বা ইনস্টিটিউট অব ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্স ১৯৭৬ সালে বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের অধীনে প্রতিষ্ঠিত হয়। ১৯৯৬ সালের জুলাই মাস থেকে ইনস্টিটিউটটির নাম পরিবর্তন করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বনবিদ্যা ও পরিবেশ বিজ্ঞান ইনস্টিটিউট (আইএফইএসসিইউ) রাখা হয়। এটি বিশ্ববিদ্যালয়ের দক্ষিণ ক্যাম্পাসে অবস্থিত, যা শহর চট্টগ্রাম থেকে প্রায় ২০ কিলোমিটার উত্তরে অবস্থিত। এর ভিশন হচ্ছে ‘বনায়ন ও পরিবেশ বিজ্ঞানের ক্ষেত্রে টেকসই উন্নয়ন অর্জনের লক্ষ্যে সুদৃঢ় জ্ঞান ও দক্ষতাসম্পন্ন গুণী শিক্ষার্থী তৈরি করা’।

বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট

বাংলাদেশের পাট ও পাটজাতীয় আঁশ ফসলের গবেষণার প্রধান সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট। এটি কৃষি মন্ত্রণালয়ের অধীন পরিচালিত এবং পাটের উৎপাদন বৃদ্ধি, উন্নত জাত উদ্ভাবন, নতুন প্রযুক্তি উদ্ভাবন ও পাটশিল্পের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ১৯৭৪ সালে বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠানটি মূলত কৃষি, কারিগরি ও জুট টেক্সটাইল গবেষণা পরিচালনা করে। এর প্রধান কার্যালয় ঢাকার শেরেবাংলা নগরে অবস্থিত। 

/এসআর 

Logo