এটিএম বুথের গার্ড আব্দুস সালামকে উপহার পাঠালেন প্রধানমন্ত্রী তারেক রহমান
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৮ জুলাই ২০২৬, ০৮:০১ পিএম
রাজধানীর ব্যস্ত সড়কের পাশে ব্যাংকের এটিএম বুথে কার্ড রিডার পাহারা দেওয়া আর সাধারণ দায়িত্ব পালন করা—এটাই ছিল প্রতিদিনের দৃশ্য। কিন্তু প্রতিদিনের কর্মব্যস্ততার মাঝেও একটি নীরব অভ্যাস গড়ে তুলেছিলেন সিকিউরিটি গার্ড আব্দুস সালাম। প্রধানমন্ত্রী তারেক রহমানের গাড়িবহর যখন ওই সড়ক দিয়ে যাতায়াত করত, তিনি তখন হাতে ধানের শীষ নিয়ে সম্মানের সাথে দাঁড়িয়ে থাকতেন। সেই আবেগ আর শ্রদ্ধাবোধ দৃষ্টি এড়ায়নি প্রধানমন্ত্রীর। অবশেষে সেই সাধারণ সিকিউরিটি গার্ডের হাতে উপহার ও ভালোবাসা পৌঁছে দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বুধবার (৮ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সেক্রেটারি আতিকুর রহমান রুমন রাজধানীর রমনা এলাকায় উপস্থিত হয়ে আব্দুস সালামের সাথে সাক্ষাৎ করেন। এ সময় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে তার হাতে শুভেচ্ছা উপহার তুলে দেওয়ার পাশাপাশি তার শারীরিক অবস্থা ও পরিবারের বিস্তারিত খোঁজখবর নেওয়া হয়।
আব্দুস সালামের বাড়ি পাবনার নগরবাড়ি ঘাট এলাকায়। আগে পেশায় গাড়িচালক থাকলেও স্ট্রোকে আক্রান্ত হওয়ার পর শারীরিক অক্ষমতার কারণে গত ৮ মাস ধরে ঢাকার সাবেক রমনা থানার সামনের একটি বেসরকারি ব্যাংকের এটিএম বুথে সিকিউরিটি গার্ড হিসেবে কাজ করছেন। প্রতিদিন সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত ১২ ঘণ্টার দীর্ঘ দায়িত্ব পালন করতে হয় তাকে।
প্রধানমন্ত্রী নিজ কার্যালয়ে বা সচিবালয়ে যাতায়াতের সময় প্রায় প্রতিদিনই রমনা পুরনো থানার সামনে ধানের শীষ হাতে দাঁড়িয়ে থাকতেন আব্দুস সালাম। ঘটনাটি গভীরভাবে দৃষ্টিগোচর হলে প্রধানমন্ত্রী আতিকুর রহমান রুমনকে তার খোঁজ নিতে এবং উপহারসামগ্রী পৌঁছে দিতে নির্দেশ দেন।
প্রধানমন্ত্রীর কাছ থেকে এই অপ্রত্যাশিত উপহার পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন আব্দুস সালাম। কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন, আমি কখনো স্বপ্নেও ভাবিনি যে বিষয়টি মাননীয় প্রধানমন্ত্রীর নজরে আসবে কিংবা তিনি আমার মতো ক্ষুদ্র মানুষের জন্য উপহার পাঠাবেন! আমি তার বাবা ও মাকে ভালোবাসি, প্রধানমন্ত্রীকে ভালোবাসি। তিনি গাড়ি থেকে আমাকে দেখলেই হেসে হাত নেড়ে সালামের জবাব দেন, যা দেখে আমার পরান জুড়িয়ে যায়। আজ আমার জীবনের সবচেয়ে আনন্দের দিন।
/এএ