×
Logo

জাতীয়

রেললাইনে পানি: ঢাকা-কক্সবাজার ট্রেন চলাচল বন্ধ, চট্টগ্রামে পর্যটক এক্সপ্রেস আটকা

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৭ জুলাই ২০২৬, ০৬:২৩ পিএম

রেললাইনে পানি: ঢাকা-কক্সবাজার ট্রেন চলাচল বন্ধ, চট্টগ্রামে পর্যটক এক্সপ্রেস আটকা

টানা বর্ষণ ও জলাবদ্ধতার কারণে চট্টগ্রামের ষোলশহর এলাকায় রেললাইনের ওপর পানি জমে থাকায় কক্সবাজারের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। এ কারণে কক্সবাজারগামী ‘পর্যটক এক্সপ্রেস’ ট্রেনটি আটকা পড়েছে চট্টগ্রাম নগরীতে।

রেলওয়ে সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুর দেড়টার দিকে ট্রেনটি ষোলশহর এলাকা অতিক্রম করছিল। এ সময় ভারী বৃষ্টির ফলে রেললাইনের ওপর পানি জমে যায়। ইঞ্জিনে পানি প্রবেশ করে বড় ধরনের যান্ত্রিক ত্রুটি বা দুর্ঘটনার ঝুঁকি এড়াতে চালক ট্রেনটি থামিয়ে দেন। পরে ট্রেনটি পিছিয়ে ষোলশহর স্টেশনে এনে রাখা হয়েছে।

৬৫০ জনের বেশি যাত্রী নিয়ে মঙ্গলবার সকাল সোয়া ৬টায় রাজধানীর কমলাপুর রেলস্টেশন থেকে কক্সবাজারের উদ্দেশে যাত্রা করে পর্যটক এক্সপ্রেস।

এদিকে, একই সময়ে রেললাইনে গাছ ভেঙে পড়ার কারণে কক্সবাজার থেকে চট্টগ্রামগামী প্রবাল এক্সপ্রেস ট্রেনটিও পথিমধ্যে দোহাজারী রেলওয়ে স্টেশনে আটকে দেয়া হয়।

পানি নেমে পরিস্থিতি স্বাভাবিক হলে ট্রেন ছাড়া হবে। সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে চট্টগ্রামে দুইদিন ধরে টানা বৃষ্টি হচ্ছে।

/এমএন

Logo