প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন জুলাই অভ্যুত্থানে শহীদের মা
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৭ জুলাই ২০২৬, ০৪:৪৭ পিএম
ক্যানসারে আক্রান্ত সন্তান নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন জুলাই গণঅভ্যুত্থানে শহীদ আব্দুল্লাহ বিন জাহিদের মা ফাতেমা তুজ জোহরা।
মঙ্গলবার (৭ জুলাই) দুপুরে জাতীয় সংসদ সচিবালয়ের প্রধানমন্ত্রীর দফতরে ক্যানসারে আক্রান্ত সন্তান মাহমুদুল্লাহ বিন জিসানকে নিয়ে এসে সাক্ষাৎ করেন তিনি।
সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী তারেক রহমান জিসানের বর্তমান শারীরিক অবস্থার খোঁজখবর নেন। একইসঙ্গে, মা ফাতেমা তুজ জোহরাকে চাকরির আশ্বাস দেন।
প্রসঙ্গত, ২০২৪ সালের ৫ আগস্ট রাতে গুলিবিদ্ধ হয়ে শহীদ হন ফাতেমার বড় ছেলে আব্দুল্লাহ বিন জাহিদ। এর ঠিক দুই সপ্তাহ পর জানতে পারেন তার এই ছোট ছেলে মাহমুদুল্লাহ বিন জিসান ক্যানসারে আক্রান্ত। এর সাত মাস পর স্বামীকেও হারান তিনি।
স্বামী-সন্তান হারিয়ে অসহায় হয়ে পড়েন ফাতেমা। ক্যানসারে আক্রান্ত সন্তানের চিকিৎসা ব্যয় বহন করতে গিয়ে অসহায় পরিবারটির পাশে দাঁড়ান বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান।
তখন থেকেই 'আমরা বিএনপি পরিবার'-এর আহবায়ক, বর্তমানে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমানের তত্ত্বাবধানে জিসানের চিকিৎসা চালানো হয়। তখন বর্তমান প্রধানমন্ত্রী বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ছিলেন।
আতিকুর রহমানের মাধ্যমে জিসানের চিকিৎসার খোঁজ খবর নিতেন তারেক রহমান। তারপর থেকে এখন পর্যন্ত বিএনপি চেয়ারম্যানের তত্ত্বাবধানেই চলছে জিসানের চিকিৎসার যাবতীয় ব্যবস্থাপনা।
/এএম