×
Logo

জাতীয়

গ্লোবাল গেটওয়ে ফোরামে যোগদানে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্টের

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৬ জুলাই ২০২৬, ০৫:৪৭ পিএম

গ্লোবাল গেটওয়ে ফোরামে যোগদানে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্টের

পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার। সোমবার (৬ জুলাই) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে রাষ্ট্রদূত ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডার লেয়েনের পক্ষ থেকে প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্দেশে একটি আমন্ত্রণপত্র হস্তান্তর করেন। 

আমন্ত্রণপত্রে ২০২৭ সালের জুন মাসে অনুষ্ঠিতব্য তৃতীয় গ্লোবাল গেটওয়ে ফোরাম্যা অংশগ্রহণ এবং সেখানে মূল প্রবন্ধ (কীনোট) উপস্থাপনের জন্য প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়েছে। 

পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে জানানো হয়, এ সফরে দুই নেতার মধ্যে একটি দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হওয়ারও সুযোগ সৃষ্টি হবে। এছাড়া, গ্লোবাল গেটওয়ে ফোরামে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ ইউরোপীয় ইউনিয়নের গ্লোবাল গেটওয়ে উদ্যোগ-এর আওতায় টেকসই অবকাঠামো, ডিজিটালায়ন, জ্বালানি, পরিবহন, স্বাস্থ্য ও শিক্ষা খাতে অধিকতর বিনিয়োগের নতুন সুযোগ সৃষ্টি করবে বলেও আশা করা হচ্ছে।

এ সময় রাষ্ট্রদূত ইউরোপীয় ইউনিয়নের ভাইস প্রেসিডেন্ট কাজা কালাসের পক্ষ থেকে পররাষ্ট্রমন্ত্রীর উদ্দেশে পাঠানো একটি অভিনন্দনপত্রও হস্তান্তর করেন। এতে তাকে জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানানো হয়। এদিকে, বৈঠকে বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যকার বহুমাত্রিক সম্পর্ক পর্যালোচনা করা হয় এবং ব্যবসা-বাণিজ্য, বিনিয়োগ, প্রযুক্তি, আঞ্চলিক ও বহুপাক্ষিক বিষয়ে সহযোগিতা আরও জোরদারের উপায় নিয়ে আলোচনা হয়।

এছাড়া প্রস্তাবিত বাংলাদেশ-ইইউ বিজনেস ফোরাম ২০২৭, আসন্ন উচ্চপর্যায়ের সফর ও যোগাযোগ, বাংলাদেশ-ইইউ মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) এর সম্ভাবনা এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট অন্যান্য বিষয় নিয়ে মতবিনিময় করেন দুই পক্ষ। একই সঙ্গে আঞ্চলিক ও বৈশ্বিক পরিস্থিতি, জাতিসংঘ-সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় এবং রোহিঙ্গা সংকট নিয়েও আলোচনা হয়।

উভয় পক্ষ পারস্পরিক স্বার্থে বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের দীর্ঘদিনের অংশীদারিত্ব আরও শক্তিশালী করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

/এএন

Logo