বিদ্যুৎ প্রতিমন্ত্রী
আগের সরকারের ভুল নীতির কারণে বিদ্যুৎ বিভাগ সংকটে নিমজ্জিত
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৬ জুলাই ২০২৬, ০৫:০৩ পিএম
আগের সরকারের ভুল নীতির কারণে বিদ্যুৎ বিভাগ সংকটে নিমজ্জিত বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। সোমবার (৬ জুলাই) বিদ্যুৎ ভবনে চলমান বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
বিদ্যুৎ প্রতিমন্ত্রী বলেন, আমাদের পরিকল্পনা হচ্ছে আমরা বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে স্বাবলম্বী হতে চাই, পরনির্ভরশীলতা কমাতে চাই এবং আমরা রিনিউয়েবল এনার্জিতে ফোকাস করছি।
তিনি আশা প্রকাশ করে বলেন, বর্তমান সরকারের মেয়াদ শেষে নবায়নযোগ্য জ্বালানি থেকে অন্তত ১০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা অর্জন করা সম্ভব হবে।
বিদ্যুৎ প্রতিমন্ত্রী বলেন, বিভিন্ন কারণেই ঢাকার গুরুত্ব বেশি, এটা আমরা অস্বীকার করতে পারব না। তবে, আমরা চাই শহর এবং গ্রামের মধ্যে বৈষম্য না থাকুক। বিভিন্ন কারণেই হয়তো বৈষম্য সব সময় দূর করা যায় না, কিন্তু আমরা এ ব্যাপারে সচেষ্ট আছি।
এদিকে, বেসরকারি খাতে বিদ্যুতের যেসব চুক্তি সেগুলোতে রাষ্ট্রের স্বার্থ রক্ষিত হয়নি, সেসব চুক্তি পর্যালোচনা করছে সরকার বলেও জানিয়েছেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী।
/এএন