অর্থমন্ত্রী
সমগ্র বাংলাদেশকে ডিজিটালাইজেশনের আওতায় আনতে হবে
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৬ জুলাই ২০২৬, ০১:৪২ পিএম
কোনো মুহূর্ত অপচয় না করে সমগ্র বাংলাদেশকে ডিজিটালাইজেশনের আওতায় আনতে হবে বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, শ্রমিক, দিনমজুর, কৃষক—প্রত্যেককে এর আওতায় আনতে হবে। প্রযুক্তির কোনো বিকল্প নেই।
সোমবার (৬ জুলাই) সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ে ইনোভেশন শোকেসিং অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
অর্থমন্ত্রী বলেন, দ্রুত সম্ভব সবদিক থেকে ডিজিটালাইজেশনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সব জনগণকে এর আওতায় আনতে হবে। ইনক্লুসিভনেস শুধু অর্থনীতিতে হলে হবে না, সেবা পৌঁছে দেওয়ার ক্ষেত্রেও এ বিষয়টি নিশ্চিত করতে হবে।
তিনি আরও বলেন, জনগণের দোরগোড়ায় প্রত্যেকটি সেবা পৌঁছে দিতে হবে। দেশের উৎপাদনশীলতা বাড়াতে গ্রাহকের কাছে সেবা পৌঁছে দিতে হবে।
অর্থমন্ত্রী বলেন, ঘরে বসে গ্রাহকের সেবাপ্রাপ্তি নিশ্চিত করা গেলে সময়, অর্থসহ অনেক কিছু সাশ্রয় হবে। শুধু প্রকল্প করলে হবে না, সে সম্পর্কে জনগণকে জানানোর উদ্যোগও নিতে হবে। এছাড়াও শেয়ারবাজার, ইন্স্যুরেন্সসহ প্রতিটি ক্ষেত্রে দুর্নীতি রোধে ডিজিটাইজেশন বাস্তবায়ন করতে হবে।
এর আগে, সচিবালয়ে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অধীনে বিভিন্ন প্রতিষ্ঠানের প্রযুক্তিগত উদ্ভাবনের জন্য ৫টি প্রতিষ্ঠানকে পুরস্কার দেয়া হয়। পুরস্কারপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলো হলো জনতা ব্যাংক পিএলসি, প্রবাসী কল্যাণ ব্যাংক, বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ, হাউস বিল্ডিং ফাইন্যান্স করপোরেশন এবং পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন।
/এসআইএন