প্রখ্যাত গবেষক ও শিক্ষাবিদ অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক মারা গেছেন। রোববার (৫ জুলাই) দুপুরে রাজধানীর মিরপুরে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর।
জানা গেছে, মিরপুরের একটি রেস্তোরাঁয় দুপুরে খেতে গিয়েছিলেন তিনি। সেখানেই অসুস্থ হয়ে পড়েন। পরে মিরপুরে হার্ট ফাউন্ডেশন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
২০২৪ সাল থেকে আবুল কাসেম ফজলুল হক বাংলা একাডেমির সভাপতির দায়িত্ব পালন করছিলেন। নিরপেক্ষ রাজনীতি চিন্তা ও তত্ত্বের জন্য বিশেষভাবে পরিচিত ছিলেন তিনি।
আবুল কাসেম ফজলুল হকের জন্ম ১৯৪০ সালের ৩০ সেপ্টেম্বর কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার পাকুন্দিয়া গ্রামে। কর্মজীবনে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বাংলা বিভাগে দীর্ঘদিন অধ্যাপনা করেছেন।
‘একুশে ফেব্রুয়ারি আন্দোলন’, ‘রাজনীতি দর্শন’, ‘সাহিত্য চিন্তা’, ‘সংস্কৃতির সহজ কথা’সহ তার রয়েছে ২০টির বেশি প্রকাশিত বই। ‘সুন্দরম’ ও ‘লোকায়ত’ নামে দুটি সাময়িকপত্র ছাড়াও তার সম্পাদনায় প্রকাশিত হয়েছে ‘ইতিহাসের আলোকে বাংলাদেশের সংস্কৃতি’ ও ‘স্বদেশচিন্তা’।
১৯৮১ সালে তিনি পেয়েছেন বাংলা একাডেমি পুরস্কার। সর্বস্তরে বাংলা ভাষার ব্যবহার নিশ্চিত করতে তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।
/এএম