চলচ্চিত্র শিল্পী সমিতি নির্বাচনের ভোটগ্রহণ চলছে
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৩ জুলাই ২০২৬, ০৫:৩০ পিএম
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬-২০২৮ মেয়াদের নির্বাচনের ভোটগ্রহণ চলছে। ৫৭৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে আগামী দুই বছরের জন্য নতুন নেতৃত্ব নির্বাচন করবেন।
শুক্রবার (৩ জুলাই) সকাল সাড়ে ৯টায় বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (এফডিসি) প্রাঙ্গণে ভোটগ্রহণ শুরু হয়। চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত। তবে নির্ধারিত সময়ের পরও ভোটার উপস্থিত থাকলে ভোটগ্রহণের সময় বাড়ানো হতে পারে।
নির্বাচন কমিশনার খোরশেদ আলম খসরু জানান, শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে ভোটগ্রহণ চলছে। এখন পর্যন্ত ২০ শতাংশের বেশি ভোট পড়েছে।
জুমার নামাজের জন্য দুপুরে এক ঘণ্টা ভোটগ্রহণ বন্ধ রাখা হয়। বিরতির পর আবারও শিল্পীদের উপস্থিতি বাড়ে। সকাল থেকেই এফডিসি প্রাঙ্গণ ছিল প্রার্থী, সমর্থক ও ভোটারদের পদচারণায় মুখর।
এবারের নির্বাচনে সভাপতি, সাধারণ সম্পাদকসহ বিভিন্ন পদে দুটি পূর্ণাঙ্গ প্যানেল এবং ছয়জন স্বতন্ত্র প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। একটি প্যানেলে সভাপতি পদে আরমান এবং সাধারণ সম্পাদক পদে রুমানা ইসলাম মুক্তি রয়েছেন। অন্য প্যানেলে সভাপতি পদে শিবা সানু ও সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন জয় চৌধুরী।
ভোটগ্রহণ শেষে রাতেই ভোট গণনা করা হবে। এরপর আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করা হবে।
/এমএসটি