×
Logo

জাতীয়

জুলাই গণঅভ্যুত্থান স্মরণে ছাত্রদলের মাসব্যাপী কর্মসূচি ঘোষণা

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০২ জুলাই ২০২৬, ০৫:১৩ পিএম

জুলাই গণঅভ্যুত্থান স্মরণে ছাত্রদলের মাসব্যাপী কর্মসূচি ঘোষণা

জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে ছাত্রদল। শহীদ ও আহতদের প্রতি শ্রদ্ধা, গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণ, অংশীজনদের অবদানের স্বীকৃতি এবং ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে জুলাই থেকে আগস্টজুড়ে নানা কর্মসূচি পালন করবে সংগঠনটি। 

বৃহস্পতিবার (২ জুলাই) সংগঠনটির সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এ কর্মসূচি ঘোষণা করেন। এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন সংগঠনটি দফতর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম।   

ঘোষিত কর্মসূচি অনু্যায়ী, ১ জুলাই প্রথম প্রহরে জাতীয় শহীদ মিনারে 'আলোয় আলোয় স্মৃতি সমুজ্জ্বল' শিরোনামে সমবেত কন্ঠে জাতীয় সঙ্গীত গাওয়া ও মোমবাতি প্রজ্জ্বলন করবে ছাত্রদল। যা ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। 

আগামী ১৫ জুলাই 'গণঅভ্যুত্থানের বাঁক বদলের দিন' শীর্ষক আলোচনা সভা করবে তারা। ১৬ জুলাই চট্টগ্রাম ও রংপুর বিভাগের সকল বিশ্ববিদ্যালয়, জেলা ও মহানগর, কলেজ, উপজেলা ও পৌর ইউনিটের নেতৃবৃন্দের অংশগ্রহণে ছাত্র সমাবেশ করবে সংগঠনটি। এছাড়া ওইদিনই সারাদেশের সকল বিশ্ববিদ্যালয়, জেলা ও মহানগর শাখায় স্মরণসভা করবে তারা। 

১৮ জুলাই 'বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রতিরোধ দিবস' উপলক্ষে বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের উদ্যোগে বিশেষ কর্মসূচি পালন করা হবে। ২০ জুলাই গণঅভ্যুত্থানে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অবদান নিয়ে স্মরণসভা অনুষ্ঠিত হবে।

২১ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের উদ্যোগে ক্যাম্পাসে 'প্রতীকী জুলাই' শীর্ষক লাইভ পারফরম্যান্স অনুষ্ঠিত হবে। একই দিন শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, গত ১৭ বছরের আন্দোলন-সংগ্রামের আলোকচিত্র প্রদর্শনী, কবিতা উৎসব ও পথনাটকের আয়োজন করা হবে।

২২ জুলাই জুলাই-আগস্টের সব শহীদের আত্মার মাগফিরাত এবং আহতদের সুস্থতা কামনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদসহ দেশের সব বিশ্ববিদ্যালয়, জেলা, মহানগর, উপজেলা, কলেজ ও পৌর শাখায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে।

২৪ ও ২৫ জুলাই কেন্দ্রীয় ছাত্রদলের নেতৃত্বে সারাদেশে শহীদদের কবর জিয়ারত করা হবে। পাশাপাশি শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে সংগঠনের পক্ষ থেকে উপহারসামগ্রী পৌঁছে দেওয়া হবে।

মাসব্যাপী কর্মসূচির সমাপনী আয়োজন হিসেবে ৩ আগস্ট জাতীয় শহীদ মিনারে ছাত্রসমাবেশ করবে ছাত্রদল। সংগঠনের ঘোষণা অনুযায়ী, এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

/এনএ 

Logo