সারাদেশের মহাসড়কে কতগুলো স্লিপার বাসকে অনুমোদন দেয়া হয়েছে, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) কাছে তা জানতে চেয়েছেন হাইকোর্ট।
এক আবেদনের প্রেক্ষিতে আজ বৃহস্পতিবার (২ জুলাই) এ আদেশ দেন উচ্চ আদালত।
এছাড়াও, রাস্তায় কতটি স্লিপার বাস চলে এবং একই রেজিস্ট্রেশন নম্বরের অনুকূলে একাধিক যেসব বাস চলে, তার বিরুদ্ধে কী ব্যবস্থা নেয়া হয়েছে, সেই মর্মে প্রতিবেদন দেয়ার জন্য হাইওয়ে পুলিশকে আদেশ দেয়া হয়েছে।
পাশাপাশি, স্লিপার বাস মালিক সমিতির অধীনে কতটি বাস চলাচল করে, প্রতিটির রেজিস্ট্রেশন নম্বরসহ তালিকা দেয়ার জন্য সমিতিকে আদেশ দিয়েছেন হাইকোর্ট।
এর আগে, সারাদেশের মহাসড়কে স্লিপার বাস চলাচলের বৈধতা চ্যালেঞ্জ করে গত জানুয়ারিতে হাইকোর্টে রিট আবেদন করা হয়।
রিট আবেদনে বলা হয়, মহাসড়কে নিয়মবহির্ভূতভাবে স্লিপার বাসগুলো চলাচল করছে। আনফিট বাসগুলোকেও স্লিপারে রূপান্তর করা হচ্ছে। কোনো ধরনের নিরাপত্তা ফিচার ছাড়াই নিম্নমানের চেসিসে অধিক উচ্চতা ও ধারণক্ষমতা নিয়ে এসব স্লিপার কোচ তৈরি করা হয়। তাছাড়া, নিম্নমানের কোচ ব্যবহার করে লাক্সারী ক্যাটাগরির ভাড়া নেয়া হয়।
/এএম