স্বরাষ্ট্রমন্ত্রী
আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে কোন রাজনৈতিক পরিচয়কে প্রাধান্য দেব না
অনলাইন ডেস্ক
প্রকাশ: ৩০ জুন ২০২৬, ০৩:৫৫ পিএম
আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নের জন্য কোন রাজনৈতিক পরিচয়কে কখনো প্রাধান্য দেওয়া হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, অপরাধী ছাড়া দলীয় বিবেচনায় পুলিশ এখন কাউকে গ্রেফতার করছে না।
মঙ্গলবার (৩০ জুন) ত্রয়োদশ জাতীয় সংসদের বাজেট অধিবেশনে মঞ্জুরি দাবি ও ছাঁটাই প্রস্তাবের আলোচনায় তিনি এ মন্তব্য করেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর আইনশৃঙ্খলা পরিস্থিতিতে ঐতিহাসিক সাফল্য এসেছে এবং রেকর্ড উন্নতি হয়েছে। খুন, ডাকাতি, নারী ও শিশু নির্যাতনসহ বিভিন্ন অপরাধের তথ্য সংসদে উপস্থাপন করা হয়েছে। তবে, একটা ক্ষেত্রে আমরা পিছিয়ে আছি। সেটা হলো ধর্ষণ মামলার সংখ্যা কিছুটা বেড়েছে।
তিনি বলেন, আগে ভুক্তভোগীরা থানায় রেকর্ড করতে যেত না অথবা সামাজিক বা রাজনৈতিক বিভিন্ন হস্তক্ষেপের কারণে পারত না। এখন সহজেই থানায় মামলা বা অনলাইনে অভিযোগ করতে পারছেন এবং এ ক্ষেত্রে কোনো ধরনের বাধা নেই।
তিনি আরও বলেন, ধর্ষণের ক্ষেত্রে তাৎক্ষণিকভাবে পুলিশ ডিপার্টমেন্ট গ্রেফতারসহ, চার্জশিট দাখিল, সাক্ষী উপস্থাপন এবং বিচার কার্যক্রমে সহায়তাসহ প্রতিটি ধাপে ক্ষেত্রে একটা বৈপ্লবিক পরিবর্তন দেখতে পেয়েছি। এর কারণে রামিষা হত্যার বিচার ১৫ থেকে ১৭ দিনের মধ্যে হয়েছে। এটা বাংলাদেশের রেকর্ড।
এছাড়া, তনু হত্যার আসামিকে দীর্ঘ ১৫ বা ১৭ বছরে যে রেকর্ড নেই, সেই রেকর্ড ভঙ্গ করে আসামির ডিএনএ রিপোর্টের ভিত্তিতে গ্রেফতার করতে সক্ষম হয়েছি, বাকিগুলোও হবে।
এসময় তিনি জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরকে একটি স্বয়ংসম্পূর্ণ ডিপার্টমেন্ট হিসেবে পরিচালনা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অধিদফতরের জন্য ডগ স্কোয়াড, অস্ত্র প্রশিক্ষণ, হাজতখানা, আধুনিক পরীক্ষাগার এবং প্রযুক্তিনির্ভর সরঞ্জাম সংযোজনের উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি সীমান্ত এলাকায় মাদক চোরাচালান প্রতিরোধে কর্মকর্তাদের প্রয়োজনীয় নিরাপত্তা ও আধুনিক সরঞ্জাম দেওয়া হচ্ছে বলেও জানান তিনি।
/এএন