আনুষ্ঠানিকভাবে প্রকাশ হলো যমুনা টেলিভিশনের জেন্ডার নীতিমালা
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৭ জুন ২০২৬, ০২:১৯ পিএম
যমুনা টেলিভিশনের জেন্ডার নীতিমালা প্রকাশ অনুষ্ঠান
কর্মক্ষেত্রে লিঙ্গ সমতা নিশ্চিতে যমুনা টেলিভিশনের জেন্ডার নীতিমালা আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হয়েছে। শনিবার (২৭ জুন) যমুনা টেলিভিশন ভবনের কনফারেন্স রুমে এ নীতিমালা প্রকাশ করা হয়।
কর্মস্থলে জেন্ডার নীতিমালার সম-অংশগ্রহণ, সমতাভিত্তিক দায়িত্ব বন্টন, পরিবেশিত সংবাদে জেন্ডার বিষয়ক উপস্থাপনা, স্বাস্থ্য ও সুরক্ষা নীতিমালা এবং তদারকি ও জবাবদিহিতা স্থান পেয়েছে এ নীতিমালায়। যমুনা টেলিভিশনের পক্ষ থেকে জেন্ডার সমতা নিশ্চিতে নীতিমালা শতভাগ মেনে চলার অঙ্গীকার করা হয়।
অনুষ্ঠানে যমুনা টেলিভিশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ফাহিম আহমেদ বলেন, আমরা জেন্ডার সমতার পরিপূর্ণ বাস্তবায়নে কাজ করে যাবো। কর্মস্থলে জেন্ডার বৈষম্য দূরীকরণে আগ থেকেই নানা পদক্ষেপ বাস্তবায়ন করা হয়েছে। জেন্ডার নীতিমালা আনুষ্ঠানিকভাবে প্রকাশের ফলে সুনির্দিষ্ট ও সুশৃঙ্খলভাবে আরো বিস্তৃতভাবে কাজ করবে আমাদের প্রতিষ্ঠান।
জেন্ডার নীতিমালাটি তৈরিতে সহায়তা করেছে এমআরডিআই। অনুষ্ঠানে উপস্থিত হয়ে তাদের প্রতিনিধি গণমাধ্যম ব্যক্তিত্ব কুররাতুল-আইন-তাহমিনা বলেন, গণমাধ্যমে জেন্ডার সমতার নীতিমালায় প্রথম স্বাক্ষরকারী প্রতিষ্ঠান যমুনা টেলিভিশন। এখানে জেন্ডার সমতা বাস্তবায়ন অঙ্গীকার অত্যন্ত প্রশংসনীয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যমুনা টেলিভিশনের হেড অব নিউজ তৌহিদুল ইসলাম, প্রধান বার্তা সম্পাদক মিজানুল ইসলাম, এমআরডিই’র পক্ষ থেকে সানাউল হকসহ প্রতিষ্ঠানের বিভিন্ন বিভাগের দায়িত্বরতরা।
/এসআর