চীন সফর শেষে ঢাকার উদ্দেশে রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার (২৬ জুন) স্থানীয় সময় বিকেল ৫টায় বেইজিং ড্যাক্সিং আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চায়না সাউদার্ন এয়ারলাইন্সের ফ্লাইটে দেশের উদ্দেশ্যে রওনা হন তিনি।
এসময় প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমানকে বিদায় জানান চীনের প্রেসিডেন্টের বিশেষ দূত ইউ শিয়াওইয়ং।
এর আগে, প্রধানমন্ত্রী তারেক রহমান ও ডা. জুবাইদা রহমান গাড়ি থেকে নেমে লালগালিচা দিয়ে হেঁটে বিমানে ওঠেন।
প্রসঙ্গত, চার দিনের সফরে গত সোমবার রাতে মালয়েশিয়া থেকে চীনের তালিয়ানে পৌঁছান প্রধানমন্ত্রী। সেখানে তিনি বিশ্ব অর্থনৈতিক ফোরামের সম্মেলনে অংশ নেন। পরে বুধবার দুপুরে তালিয়ান থেকে হাই-স্পিড ট্রেনে বেইজিং যান প্রধানমন্ত্রী।
মূলত বেইজিংয়েই ছিল প্রধানমন্ত্রীর সফরের প্রধান কর্মসূচি। প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের প্রধানমন্ত্রী লি ছিয়াংয়ের দ্বিপাক্ষিক বৈঠক এবং ন্যাশনাল পিপলস কংগ্রেসের স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান ঝাও লেজির সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হয়। এছাড়া বেইজিংয়ে অনুষ্ঠিত বিনিয়োগ সম্মেলনেও প্রধানমন্ত্রী অংশ নেন।
এর আগে, গত ২১ জুন প্রথম দুই দিনের রাষ্ট্রীয় সফরে মালয়েশিয়া যান তিনি। সফরটি ছিল দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে।