×
Logo

জাতীয়

চলতি বাজেটে গুম হওয়া পরিবারের ভাতার ব্যবস্থা করবো: মির্জা ফখরুল

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৬ জুন ২০২৬, ০২:৫৮ পিএম

চলতি বাজেটে গুম হওয়া পরিবারের ভাতার ব্যবস্থা করবো: মির্জা ফখরুল

গুম হওয়া পরিবারের জন্য রাষ্ট্রীয় ভাতার ব্যবস্থা করার আশ্বাস দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, মুক্তিযোদ্ধা ও জুলাই যোদ্ধাদের মতো গুম হওয়া ব্যক্তিদের পরিবারকেও ভাতা দেওয়া উচিত। এই বিষয়ে চলতি এই বাজেটেই প্রয়োজনীয় ব্যবস্থা করা হবে।

শুক্রবার (২৬ জুন) দুপুরে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে নির্যাতিত ব্যক্তিদের সমর্থনে আন্তর্জাতিক দিবস উপলক্ষে গুমের শিকার পরিবারের সংগঠন 'মায়ের ডাক' আয়োজিত জাতীয় সংলাপে তিনি এসব কথা বলেন। 

মির্জা ফখরুল বলেন, গুম হওয়া পরিবারের ক্ষতি কোনোভাবেই পূরণ করা সম্ভব নয়। তবে রাষ্ট্র তাদের পাশে দাঁড়াতে পারে। বিশেষ করে ক্ষতিগ্রস্ত পরিবারের সন্তানদের শিক্ষা, নিরাপদ জীবন ও ভবিষ্যৎ গড়ে তুলতে রাষ্ট্রের দায়িত্ব রয়েছে বলে তিনি উল্লেখ করেন।

গুমকে মানবতার বিরুদ্ধে অপরাধ আখ্যা দিয়ে বিএনপি মহাসচিব বলেন, এসব ঘটনার সঙ্গে জড়িতদের প্রকাশ্যে বিচার হওয়া উচিত এবং প্রত্যেকের শাস্তি নিশ্চিত করতে হবে।

তিনি আরও বলেন, সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান গ্রেফতার হয়েছে, তার বিচার চলছে। একইসঙ্গে সাবেক আইজিপি বেনজীরও দুবাইতে গ্রেফতার হয়েছে। একে একে সংশ্লিষ্ট সবাইকে আইনের আওতায় আনা হবে।

মির্জা ফখরুল বলেন, গুম হওয়া ব্যক্তি ও তাদের পরিবারের জন্য বিচার, স্বীকৃতি এবং আইনি সুরক্ষা নিশ্চিত করতে হবে। এ বিষয়ে বিএনপি রাজনৈতিক বিভাজনের পরিবর্তে জাতীয় ঐক্যের পক্ষে।

অনুষ্ঠানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম বলেন, ট্রাইব্যুনালে বিচারাধীন সব গুমের মামলা আগামী এক বছরের মধ্যে নিষ্পত্তি করা হবে।

এদিকে, গুম ও ক্রসফায়ারের ঘটনায় বিচার নিশ্চিত করতে জাতীয় সংসদে বিশেষ কমিটি গঠনের আহ্বান জানান ডেপুটি স্পিকার কায়সার কামাল।

/এমএসটি/এসআইএন

Logo