স্বরাষ্ট্রমন্ত্রী
আগামী দু-একদিনের মধ্যে মাদক প্রতিরোধ আইনের সংশোধনী সংসদে উপস্থাপন
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৬ জুন ২০২৬, ০২:৪৪ পিএম
আগামী দু-একদিনের মধ্যে মাদক প্রতিরোধ আইনের সংশোধনী সংসদে উপস্থাপন করা হবে। আর চলতি অধিবেশনেই তা পাস করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর অনেকটা ঢাল-তলোয়ারবিহীন নিধিরাম সর্দার। তাই সংস্থাটিকে শক্তিশালী করতে নানামুখী উদ্যোগ নিয়েছে সরকার।
শুক্রবার (২৬ জুন) সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে মাদকদ্রব্যের অপব্যবহার এবং পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আধুনিক যুগে পুরোনো আইন দিয়ে মাদক নিয়ন্ত্রণ সম্ভব নয়, দরকার নতুন আইন। আইন প্রয়োগের পাশাপাশি প্রতিরোধই সর্বোত্তম উপায়। সরকার যেখানে প্রয়োজন মনে করবে, মাদক আইনের মামলার নিষ্পত্তিতে ট্রাইব্যুনাল গঠন করা হবে।
সাবেক আইজি বেনজীরকে গ্রেফতার প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তাকে গ্রেফতারের পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ই-মেইলে জানায়, ৩০ দিনের মধ্যে তাকে দেশে ফিরিয়ে আনার জন্য প্রয়োজনীয় কাগজপত্র পাঠাতে হবে। মাত্র তিন দিনের মধ্যেই প্রয়োজনীয় নথি প্রস্তুত করে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে সংযুক্ত আরব আমিরতে সরকারের কাছে পাঠানো হয়েছে। তবে তাদের তরফ থেকে এখনও কোন জবাব মেলেনি।
ওসমান হাদী হত্যাকাণ্ডের বিষয়ে তিনি বলেন, হত্যাকাণ্ডে জড়িত তিনজনকে ভারত সরকার গ্রেফতার করেছে। দেশটির আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে আদালতে মামলা করা হয়েছে। দেশে ফিরিয়ে আনতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ভারত সরকারের কাছে প্রত্যর্পণ (এক্সট্রাডিশন) চুক্তি অনুযায়ী প্রয়োজনীয় কাগজপত্র ও গ্রেফতারি পরোয়ানা পাঠানো হয়েছে। আশা করছি, অভিযুক্তদের দেশে ফিরিয়ে এনে অসম্পূর্ণ তদন্ত শেষ করে যথাযথভাবে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করা সম্ভব হবে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পশ্চিমবঙ্গের পুশইন ঠেকাতে সরকার সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। এ কাজে বিজিবি প্রশংসনীয় ভূমিকা পালন করছে। সীমান্তের যেসব এলাকায় পুশইনের চেষ্টা হচ্ছে, সেসব স্থানেই বিজিবি তা প্রতিহত করছে।
তিনি আরও বলেন, কূটনৈতিকভাবে সংশ্লিষ্ট দেশকে অনুরোধ জানানো হয়েছে, যদি সেখানে কোনো বাংলাদেশি নাগরিক অবস্থান করে থাকেন, তাহলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে তাদের তালিকা বাংলাদেশ সরকারকে প্রদান করা হোক।
/এসআইএন