×
Logo

জাতীয়

সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছে: জামায়াত আমির

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৬ জুন ২০২৬, ১০:৩৫ এএম

সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছে: জামায়াত আমির

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শুরার অধিবেশনে কথা বলছেন ডা. শফিকুর রহমান

সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান। এ সময় তিনি বলেন, দেশে ধর্ষণ ও হত্যাসহ নানা অপরাধ বৃদ্ধি পেয়েছে। সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় দেশের মানুষ সরকারের কর্মকাণ্ডে হতাশ।

শুক্রবার (২৬ জুন) সকালে রাজধানীর আল ফালাহ মিলনায়তনে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শুরার অধিবেশনে এ কথা বলেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রীর সমালোচনা করে বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেন, আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী নিজের মন্ত্রণালয় বাদে সব মন্ত্রণালয়ের খোঁজ রাখেন। তার নিজের দায়িত্বে থাকা আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতিনিয়ত অবনতি হচ্ছে। আমাদের বাংলাদেশ বিপুল প্রত্যাশা নিয়ে ২ বার স্বাধীন হয়েছে। ৪৭ সালে একবার আবার ১৯৭১ সালে। কিন্তু দেশ পরিচালনার দায়িত্ব যাদের ছিলো তারা মানুষের প্রত্যাশার পারদকে ধ্বংস করে দিলো। মানুষের জানমালের কোন নিরাপত্তা নাই। অহরহ এই ঘটনা দেখছি।

গণভোট ও সংস্কার প্রসঙ্গে জামায়াত আমির বলেন, এদেশের মানুষ বড় আশায় বুক বেঁধেছিলো। এত মানুষের ত্যাগের বিনিময়ে একটা পরিবর্তন হলো। দেশে সংস্কারের জন্য গণভোট অনুষ্ঠিত হয়েছে। একই দিনে জনগণ দুটি ভোট দিয়েছে। একটি ভোটের মূল্যায়ন হলো। আরেকটির হয়নি। শাসনের যে ধারায় অতীতের শাসকদের ফ্যাসিবাদী করে তুলেছিলো এবার জনগণ চেয়েছিল সে ধারার পরিবর্তন। 

ফ্যাসিবাদ নতুন পুরাতন নয়; যেকোনো ফ্যাসিবাদের বিরুদ্ধে জামায়াতে ইসলামী সোচ্চার ভূমিকা পালন করবে। দেশের জনগণকেও সর্বদা ফ্যাসিবাদ ও ফ্যাসিজমের বিরুদ্ধে সোচ্চার থাকারও আহ্বান জানান বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান। 

/এসআর


Logo