×
Logo

জাতীয়

স্বাস্থ্য প্রতিমন্ত্রী

জেলাপর্যায়ে কিডনি ও ক্যানসারের চিকিৎসা নিশ্চিতে উদ্যোগ নিচ্ছে সরকার

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৪ জুন ২০২৬, ০৩:৫৫ পিএম

জেলাপর্যায়ে কিডনি ও ক্যানসারের চিকিৎসা নিশ্চিতে উদ্যোগ নিচ্ছে সরকার

দেশে কিডনি ও ক্যানসারের রোগীর সংখ্যা বাড়ছে। তাদের ভোগান্তি কমাতে প্রতিটি জেলাপর্যায়ে কিডনি ও ক্যানসারের চিকিৎসা নিশ্চিতে উদ্যোগ নিচ্ছে সরকার, এমনটাই জানিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী অধ্যাপক ডা. এম এ মুহিত।

বুধবার (২৪ জুন) রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আন্তর্জাতিক বেসরকারি সংস্থা আইপাস আয়োজিত যৌন ও প্রজনন স্বাস্থ্য বিষয়ক প্রকল্পের সমাপনী অনুষ্ঠানে তিনি এ কথা জানান।

স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেছেন, এ সরকার ক্ষমতায় এসে স্বাস্থ্যখাতকে ভঙ্গুর অবস্থায় পেয়েছে। তা পুনর্গঠনে ইতিহাসের সবচেয়ে বড় বাজেট নিয়েছে সরকার। শিগগিরই এক লাখ স্বাস্থ্যকর্মী, ২৫ হাজার মিডওয়াইফ এবং ৫ হাজার চিকিৎসক নিয়োগ দেবে সরকার। ২টি উইমেন হেলথ ইনস্টিটিউট গড়ে তোলা হবে বিশেষায়িত চিকিৎসা ও গবেষণার উদ্দেশ্যে।

এ সময় তিনি আরও বলেন, ঢাকায় পাঁচ বছর মেয়াদী এসআরএইচআর ইন ঢাকা প্রকল্পের আওতায় ৬ লাখ ৫৫ হাজার ৮৪৩ জন নাগরিক যৌন ও প্রজনন স্বাস্থ্য ও অধিকার সংক্রান্ত সেবা পেয়েছেন।

/এমএন

Logo