দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ও কমিশনার পদে নতুন নিয়োগের লক্ষ্যে আপিল বিভাগের বিচারপতি মো. রেজাউল হকের নেতৃত্বে পাঁচ সদস্যের সার্চ (বাছাই) কমিটি গঠন করা হয়েছে।
সোমবার (২২ জুন) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, কমিটির অন্য সদস্যরা হলেন হাইকোর্ট বিভাগের বিচারপতি রাজিক আল জলিল, বাংলাদেশের মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক (সিএজি), বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান এবং মন্ত্রিপরিষদ সচিব।
এ কমিটি চেয়ারম্যান ও দুই কমিশনার পদের জন্য ছয়জনের নাম রাষ্ট্রপতির কাছে সুপারিশ করবে। সেখান থেকে তিনজনকে নিয়োগ দেওয়া হবে। তাদের একজন হবেন চেয়ারম্যান।
দুদক সূত্র বলছে, কমিশন শূন্য থাকায় তিন মাস ধরে কার্যত অচলাবস্থার মধ্যে রয়েছে সংস্থাটি। অনুসন্ধান ও তদন্ত চললেও অধিকাংশ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আটকে আছে অনুমোদনের অভাবে। নতুন মামলা দায়ের, চার্জশিট অনুমোদন, সম্পদ জব্দ, ব্যাংক হিসাব অবরুদ্ধকরণ এবং সন্দেহভাজনদের বিদেশযাত্রা নিষিদ্ধ করার মতো গুরুত্বপূর্ণ কার্যক্রমে স্থবিরতা তৈরি হয়েছে।
/এএম