×
Logo

জাতীয়

সরকার বিচার ব্যবস্থার উপর কোনও হস্তক্ষেপ করতে চায় না: অ্যাটর্নি জেনারেল

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২০ জুন ২০২৬, ০১:৫৮ পিএম

সরকার বিচার ব্যবস্থার উপর কোনও হস্তক্ষেপ করতে চায় না: অ্যাটর্নি জেনারেল

ফাইল ছবি

বর্তমান সরকার বিচার ব্যবস্থার উপর কোনও হস্তক্ষেপ করতে চায় না— বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল রুহুল কদ্দুছ কাজল। তিনি বলেন, বর্তমানে বিচার ব্যবস্থার উপর কোনও রাজনৈতিক চাপ বা বল প্রয়োগ নাই। বিচার ব্যবস্থা স্বাধীন থাকবে—এটি সরকারের প্রত্যাশা।  

শনিবার (২০ জুন) সুপ্রিম কোর্ট রিপোর্টার্স ফোরামের (এসআরএফ) বার্ষিক সাধারণ সভায় তিনি এ কথা বলেন। 

তিনি বলেন, প্রচলিত ব্যবস্থায় সব মামলা নিষ্পত্তি করা সম্ভব না। কেননা, দেশে অনেক বিচারকের অভাব রয়েছে। সরকার রামিসাসহ ধর্ষণ ও হত্যা মামলাগুলো নিষ্পত্তিতে বিশেষভাবে উদ্যোগ নিয়েছে। মিডিয়ার মাধ্যমে বিচার না করে, আদালতের মাধ্যমেই যেন ন্যায় বিচার প্রতিষ্ঠা হয় সে বিষয়ে নজর রাখতে হবে। 

টিকটক করা আইনজীবীদের বিরুদ্ধে বার কাউন্সিল থেকে ব্যবস্থা নেয়া হচ্ছে বলেও জানান তিনি।

অনুষ্ঠানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুন্যালের চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট আমিনুল ইসলাম বলেন, ট্রাইব্যুনালে দাখিল হওয়া একটি অভিযোগও যাতে প্রতিহিংসামূলক ও ভুয়া না হয় এ বিষয়ে প্রসিকিউশন কঠোর অবস্থানে রয়েছে। আমরা ন্যায় বিচারের স্বার্থে তাড়াহুড়ো করে বিচার করতে চাইনা। তবে মামলার সংখ্যা বাড়ার ফলে দুইটি ট্রাইব্যুনালে বিচার কার্যক্রমে চাপ তৈরি হতে পারে বলেও জানান তিনি।

অনুষ্ঠানে সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী শিশির মনির বলেন, রামিসা হত্যা মামলার বিচারের মাধ্যমে সরকার তার সক্ষমতার প্রমাণ করেছে। তাহলে অন্য মামলাগুলোর বিচারও কেন দ্রুত নিষ্পত্তি করা যাবে না? মৃত্যুদণ্ডের মামলাগুলো নিষ্পত্তি করতে বিশেষ এডহক বিচারক নিয়োগের পরামর্শও দেন তিনি। 

/এসআর  

Logo