×
Logo

জাতীয়

বাংলাদেশ ও পাকিস্তানের গভীর সাংস্কৃতিক বন্ধন রয়েছে: পাকিস্তানি হাইকমিশনার

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২০ জুন ২০২৬, ০১:১৩ এএম

বাংলাদেশ ও পাকিস্তানের গভীর সাংস্কৃতিক বন্ধন রয়েছে: পাকিস্তানি হাইকমিশনার

বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে গভীর সাংস্কৃতিক বন্ধন রয়েছে বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার।

শুক্রবার (১৯ জুন) ঢাকাস্থ পাকিস্তান হাইকমিশনের উদ্যোগে আয়োজিত এক ফুড ফেস্টিভ্যালে তিনি এ কথা বলেন।

পাকিস্তানের সমৃদ্ধ ও বৈচিত্র্যময় রন্ধন ঐতিহ্য উপস্থাপনের জন্য এই উৎসবের আয়োজন করা হয়।

এতে কূটনৈতিক মহলের সদস্য, শিক্ষাবিদ, গণমাধ্যমের প্রতিনিধি এবং সাধারণ মানুষসহ বিশিষ্ট অতিথিদের স্বাগত জানান হাইকমিশনার ইমরান হায়দার।

অংশগ্রহণকারীরা পাকিস্তানি রন্ধনশৈলী ও ফ্যাশনের প্রতি আগ্রহ প্রকাশ করেন এবং পাকিস্তান হাইকমিশনের এ উদ্যোগের প্রশংসা করেন।

এসময় গণমাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে আলাপকালে হাইকমিশনার বলেন, 'এই অনুষ্ঠানে বিপুলসংখ্যক মানুষের অংশগ্রহণ অত্যন্ত উৎসাহব্যঞ্জক। তিনি বলেন, ভবিষ্যতেও মানুষে-মানুষে যোগাযোগ অব্যাহত থাকবে, যা দুই ভ্রাতৃপ্রতিম দেশের দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও দৃঢ় করবে।'

এই আয়োজনে প্রখ্যাত পাকিস্তানি ফ্যাশন ব্র্যান্ডগুলোও তাদের পণ্য প্রদর্শন করে। দেশে কর্মরত কূটনৈতিক কোরের সদস্য ও তাদের পরিবারের সদস্যরা অনুষ্ঠানে অংশ নেন।

উৎসবটি দিনভর সাধারণ দর্শনার্থীদের জন্য উন্মুক্ত ছিল।

/এমএইচআর

Logo