×
Logo

জাতীয়

সাবেক প্রতিমন্ত্রী ও বিএনপি নেতা হারুন আল রশিদ মারা গেছেন

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৮ জুন ২০২৬, ১১:১০ পিএম

সাবেক প্রতিমন্ত্রী ও বিএনপি নেতা হারুন আল রশিদ মারা গেছেন

সাবেক প্রতিমন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান হারুন আল রশিদ মারা গেছেন। বৃহস্পতিবার (১৮ জুন) রাত পৌনে ৯টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৭ বছর।

পারিবারিক সূত্রে জানা গেছে, হারুন আল রশিদ দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন।

হারুন আল রশিদ ছিলেন দেশের একজন বিশিষ্ট আইনজীবী ও রাজনীতিবিদ। তিনি বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার উপদেষ্টা পদের দায়িত্বেও ছিলেন।

রাজনৈতিক জীবনে তিনি ব্রাহ্মণবাড়িয়া-৩ আসন থেকে বিএনপির প্রার্থী হিসেবে পাঁচবার জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন। অষ্টম জাতীয় সংসদে তিনি চিফ হুইপের দায়িত্ব পালন করেন।

খালেদা জিয়ার প্রথম সরকারের সময় তিনি নৌপরিবহন প্রতিমন্ত্রী, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রী এবং শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।

হারুন আল রশিদ ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার নরসিংসার গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা আব্দুল বারী পাকিস্তান আমলে ব্রাহ্মণবাড়িয়া মহকুমা আদালতের মোক্তার ছিলেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে, এক মেয়ে, আত্মীয়-স্বজন ও অসংখ্য শুভানুধ্যায়ী রেখে গেছেন।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার শেরপুর কবরস্থানে মায়ের কবরের পাশে তাকে দাফন করা হবে।

/এমএইচআর

Logo