×
Logo

জাতীয়

রোহিঙ্গাদের জন্য অতিরিক্ত ১.৪ কোটি ইউরো সহায়তা ঘোষণা ইইউ'র

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৮ জুন ২০২৬, ০৪:৪৯ পিএম

রোহিঙ্গাদের জন্য অতিরিক্ত ১.৪ কোটি ইউরো সহায়তা ঘোষণা ইইউ'র

কক্সবাজারে আশ্রয় নেওয়া ১২ লাখ রোহিঙ্গা শরণার্থীর জন্য জরুরি সহায়তা ও সুরক্ষা কার্যক্রম চালিয়ে যেতে এবং স্থানীয় আশ্রয়দাতা জনগোষ্ঠীকে সহায়তা করতে অংশীদারিত্ব নবায়ন করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) এবং জাতিসংঘের শরণার্থী সংস্থা (ইউএনএইচসিআর)। এ জন্য অতিরিক্ত ১.৪ কোটি ইউরো অনুদান দিচ্ছে ইইউ।

বৃহস্পতিবার (১৮ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় সংস্থাটি।  

এতে বলা হয়, ইইউ’র এই নতুন অর্থায়নের ফলে রোহিঙ্গা শরণার্থীদের পাশাপাশি প্রায় ৭০ হাজার বাংলাদেশি স্থানীয় বাসিন্দা উপকৃত হবেন। দীর্ঘস্থায়ী এই সংকট মোকাবিলায় এবার শুধু জরুরি সহায়তাই নয়, বরং শিক্ষা, দক্ষতা উন্নয়ন ও আত্মনির্ভরশীলতা তৈরির দিকে বিশেষ নজর দেওয়া হচ্ছে। এর পাশাপাশি, ক্যাম্পগুলোতে পরিবেশ রক্ষা ও নিরাপত্তার স্বার্থে পরিচ্ছন্ন রান্নার জ্বালানি (এলপিজি) ব্যবহারের সুযোগ আরও বাড়ানো হবে। এলপিজি ব্যবহারের ফলে বিশেষ করে নারী ও শিশুদের জ্বালানি কাঠ সংগ্রহের ঝুঁকি কমবে এবং স্বাস্থ্যঝুঁকি ও বন উজাড়ের চাপ হ্রাস পাবে।

বাংলাদেশে রোহিঙ্গা শরণার্থী ও আশ্রয়দাতা জনগোষ্ঠীর পাশে থাকতে ইইউ প্রতিশ্রুতিবদ্ধ জানিয়ে বাংলাদেশে ইইউ’র রাষ্ট্রদূত মাইকেল মিলার বলেন, এই সংকট দীর্ঘদিন ধরে চলছে। তাই এখন শুধু জরুরি সহায়তা নয়, শিক্ষা, দক্ষতা উন্নয়ন ও আয়ের সুযোগ তৈরির দিকেও নজর দিতে হবে। 

তিনি আরও বলেন, এই উদ্যোগের মূল লক্ষ্য হলো রোহিঙ্গাদের সক্ষম করে তোলা, যেন সুযোগ এলে তারা স্বেচ্ছায় ও মর্যাদার সাথে নিজ দেশ মিয়ানমারে ফিরে যেতে পারেন। 

অন্যদিকে ইউএনএইচসিআর-এর প্রতিনিধি ইভো ফ্রেইসেন এই দীর্ঘ দুর্ভোগের সময়ে পাশে থাকার জন্য ইইউ-কে ধন্যবাদ জানিয়ে বলেন, নিরবচ্ছিন্ন এই সহায়তা শরণার্থীদের মৌলিক অধিকার ও একটি নিরাপদ ভবিষ্যতের আশা ধরে রাখতে সাহায্য করবে।

উল্লেখ্য, রোহিঙ্গা সংকট মোকাবিলায় ২০২৫-২০২৬ সালের যৌথ সাড়াদান পরিকল্পনা (জেআরপি) অনুযায়ী নতুন আগতসহ ১২ লাখ শরণার্থীর জরুরি চাহিদা পূরণে চলতি বছরে ৭১ কোটি মার্কিন ডলার প্রয়োজন। এই লক্ষ্য অর্জনে আন্তর্জাতিক সম্প্রদায়ের ধারাবাহিক ও উদার সহায়তার আহ্বান জানিয়েছে সংস্থা দুটি।

/এনএ 

Logo