জামায়াত এমপিকে মাইক্রোওয়েভ ওভেন দিতে চাইলেন পার্থ
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৮ জুন ২০২৬, ০৪:৩৪ পিএম
চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য (এমপি) মিজানুর রহমানকে উদ্দেশ্য করে ভোলা-১ আসনের এমপি আন্দালিব রহমান পার্থ বলেছেন, আমার ভাই যেহেতু এ বিষয়ে (মাইক্রোওয়েভ ওভেন,ওয়াশিং মেশিন ও জানালার পর্দার) মন্তব্য করেছেন, তাকে বিব্রত না করে বলতে চাই। ভবিষ্যতে যদি তার মাইক্রোওয়েভ ওভেন বা পর্দার প্রয়োজন হয়, তাহলে আমি ব্যক্তিগতভাবে একটি মাইক্রোওয়েভ দেওয়ার ব্যবস্থা করতে প্রস্তুত আছি।
বৃহস্পতিবার (১৮ জুন) জাতীয় সংসদের দ্বিতীয় ও প্রথম বাজেট অধিবেশনের আলোচনা শুরুর প্রক্কালে পয়েন্ট অর্ডারে দাঁড়িয়ে তিনি এসব কথা বলেন।
পার্থ বলেন, আর প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ করবো, তিনি যদি একটি ওয়াশিং মেশিনের ব্যবস্থা করে দেন। স্বরাষ্ট্রমন্ত্রী উপস্থিত থাকলে তাকেও অনুরোধ করতাম, তিনি যেন পর্দার ব্যবস্থা করেন। তাহলে আমরা সম্মিলিতভাবে তার সংসারটি গুছিয়ে দিতে পারতাম।
বক্তব্যের শুরুতেই পার্থ বলেন, অনেক কষ্টের পরে এই সংসদ পেয়েছি। আমার প্রথম বক্তব্যেও বলেছিলাম, এই সংসদের সবচেয়ে বড় বিষয় হলো, এখানে স্বৈরাচারের কোনো দোসর বা ফ্যাসিবাদের প্রতিনিধি নেই। গত সংসদ শুধু গণতন্ত্রকেই ক্ষতিগ্রস্ত করেনি, সংসদের মর্যাদা ও মানকেও অনেক নিচে নামিয়ে এনেছিল। আমার কাছে মনে হচ্ছে, আমরা সরাসরি সেই পথে না গেলেও কিছু কিছু ক্ষেত্রে আবারও একই ধরনের প্রবণতার দিকে এগোচ্ছি।
তিনি আরও বলেন, আমরা শুধু সংসদ সদস্য নই, আমরা এই সংসদের প্রতিনিধিও। দেশের বাইরে কিংবা জনসমক্ষে আমরা সংসদের ভাবমূর্তি বহন করি। সম্প্রতি সংসদের অধিবেশন শেষে আমি অনেকের ফোন পেয়েছি। তখন আমাকে ব্যাখ্যা দিতে হয়েছে, কারণ সংবাদমাধ্যমে শিরোনাম হয়েছে, ‘জামায়াত এমপি ডিমান্ডস ওয়াশিং মেশিন, মাইক্রোওয়েভ অ্যান্ড কার্টেইন্স।’
বিষয়টিকে বিব্রত ও সংসদের জন্যও অস্বস্তিকর উল্লেখ করে পার্থ বলেন, জনগণের সমস্যা, দাবি ও প্রত্যাশার কথা বলার জায়গা হলো সংসদ। সেখানে একজন সংসদ সদস্য যদি ওয়াশিং মেশিন, মাইক্রোওয়েভ বা পর্দা না পাওয়া নিয়ে বক্তব্য দেন, তাহলে সেটি সংসদের মর্যাদার সঙ্গে কতটা সামঞ্জস্যপূর্ণ, সেটি ভাবার বিষয়।
অতীতে গাড়ি বা প্লট নেওয়া হবে না, এমন সিদ্ধান্তের কথাও উল্লেখ করে তিনি আরও বলেন, তাহলে প্রশ্ন জাগে, যখন গাড়ি ও প্লটের মতো সুবিধা ত্যাগ করা হয়েছে, তখন কেন সংসদে দাঁড়িয়ে মাইক্রোওয়েভ বা ওয়াশিং মেশিনের মতো বিষয় নিয়ে আলোচনা করতে হবে?
সংসদের মর্যাদা, মান ও অবস্থান আমাদের সবারই রক্ষা করা উচিত বলেও মন্তব্য করেন পার্থ। বলেন, বিশেষ করে সরকারি ও বিরোধী দল, সবার ক্ষেত্রেই এটি প্রযোজ্য। আজ অন্য কাউকে বলা হচ্ছে, কাল হয়তো আমাদেরকেও বলা হতে পারে। তাই আমি সাধারণভাবে বলতে চাই, সংসদের মান ও মর্যাদা রক্ষায় আমাদের সবাইকে দায়িত্বশীল হতে হবে।
প্রসঙ্গত গতকাল বুধবার (১৭ জুন) জাতীয় সংসদে জামায়াতে ইসলামীর এমপি মিজানুর রহমান বলেন, আমরা বাজেটের ওপর কথা বলছি। সম্পূরক বাজেটও এই মহান জাতীয় সংসদে পাস হয়েছে। মাননীয় স্পিকার, মাননীয় সংসদ সদস্যরা অনেক টাকার সম্পূরক বাজেটও পাস করেছে। কিন্তু এ সংসদ সদস্যদের আবাসিক ফ্ল্যাটগুলোতে, থাকার জন্য যেটা দেওয়া হয়েছে, তার জানালা–দরজার পর্দাটি এখনও পর্যন্ত ঝোলানো হয়নি।
স্পিকারের উদ্দেশ্যে তিনি আরও বলেন, সুতরাং জোর দাবি জানাচ্ছি, আমরা শুনেছিলাম যে আমাদের এই ফ্ল্যাটগুলোতে একটি করে ওয়াশিং মেশিন, মাইক্রো ওভেনও দেওয়া হবে। এই পর্দা, মাইক্রো ওভেন এবং ওয়াশিং মেশিনগুলো আপনার মাধ্যমে পাওয়ার জোর দাবি জানাচ্ছি।
/এসআইএন