×
Logo

জাতীয়

৬ শিশুকে দায়িত্বহীনভাবে রেখে মেরে ফেলবে, তা হতে পারে না: স্বাস্থ্যমন্ত্রী

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৬ জুন ২০২৬, ১১:৩৭ এএম

৬ শিশুকে দায়িত্বহীনভাবে রেখে মেরে ফেলবে, তা হতে পারে না: স্বাস্থ্যমন্ত্রী

আদ্-দ্বীন হাসপাতালে ছয় শিশু মৃত্যুর ঘটনায় হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্তকে সঠিক দাবি করে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেন, কর্তৃপক্ষ ছয় শিশুকে দায়িত্বহীনভাবে রেখে মেরে ফেলবে, আর শান্তিতে ঘুমাবে, তা হতে পারে না।

মঙ্গলবার (১৬ জুন) সকালে, রাজধানীর ইস্কাটনে হলি ফ্যামিলি মেডিকেল কলেজে হাম চিকিৎসা ও ব্যবস্থাপনা বিষয়ক গাইডলাইনের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। 

শিশু মৃত্যু প্রসঙ্গে স্বাস্থ্যমন্ত্রী বলেন, দুই ঘণ্টা এসি বন্ধ থাকায় হাসপাতালের বদ্ধ ঘরে কোনো অক্সিজেন ছিল না। তাহলে সেখান থেকে ছয় শিশুকে সরিয়ে ফেলা উচিত ছিল। যখন একটা বাচ্চাকে সেখান থেকে সরিয়ে নেওয়ার পরে ভালো হয়ে গেল, তখন বাকি বাচ্চাদের নিয়ে যাওয়া উচিত ছিল।

তিনি অভিযোগ করে বলেন, ছয় শিশু পরপর মারা গেল। আর কর্তৃপক্ষ সেই কক্ষটি পরিদর্শন পর্যন্ত করেনি। কোনো গুরুত্বই দেয়নি তারা।

এ ঘটনায় হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্তকে সঠিক দাবি করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, যেকোনো মর্মান্তিক ঘটনার জন্য দায়ী ব্যক্তিদের শাস্তির আওতায় আনতে হবে। এছাড়া, দেশের পরিবর্তনের জন্য নিজেদের ভেতরেও পরিবর্তন আনতে হবে বলে মন্তব্য করেন তিনি।

পাশাপাশি, লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে আদ্-দ্বীন হাসপাতাল আপিল করলে তার রায় সরকারের পক্ষেই আসবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। 

এদিকে, হলি ফ্যামিলি মেডিকেল কলেজ প্রসঙ্গে তিনি বলেন, এই মেডিকেল কলেজের উন্নয়নে সরকার কাজ করবে এবং শিক্ষার্থী সংখ্যা বৃদ্ধি করা হবে। এছাড়া, রোগীদের প্রতি আরও যত্নশীল ও মানবিক হতে চিকিৎসকদের প্রতি আহ্বান জানান সরদার মো. সাখাওয়াত হোসেন।

/এএন

Logo