আজ আষাঢ়ের প্রথম দিন। বর্ষার প্রথম সকালটিকে স্বাগত জানাতে সোমবার (১৫ জুন) রাজধানী জুড়ে ছিলো নানা আয়োজন। গান, কবিতা ও পাঠে আষাঢ়ের প্রথম দিনকে বরণ করেন রাজধানীবাসী।
সোমবার সকাল সাড়ে ৭টায় বাংলা একাডেমির নজরুল মঞ্চে ‘বর্ষা উৎসব’-এর আয়োজন করে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী। রাগ-প্রধান গান, সমবেত সংগীত, কবিতা আবৃত্তি আর নাচের ছন্দে ছন্দে শিল্পীরা বরণ করে নেন নতুন ঋতুকে। উদীচী শিল্পীগোষ্ঠীর সাংস্কৃতিক উদ্যোগের মিডিয়া পার্টনার ছিলো যমুনা টেলিভিশন।
একই সময়ে কেন্দ্রীয় শহীদ মিনারেও চলে বর্ষাবরণ অনুষ্ঠান। বর্ষা উদযাপন পরিষদের উদ্যোগে আয়োজিত এই উৎসবে দলগত নৃত্য ও সংগীতের পাশাপাশি নানামুখী সাংস্কৃতিক উপস্থাপনা পরিবেশন করা হয়। যান্ত্রিক জীবনের ক্লান্তি ভুলে নাগরিক মানুষ সেখানে এসে মেতে ওঠেন প্রকৃতির সজীবতার সুরে।
বিভিন্ন আয়োজনে সুর ও সঙ্গীতে জানান দেওয়া হয় বাঙালির ভালোবাসার সাথে জড়িত বর্ষাকে। তবে উৎসবের আনন্দের পাশাপাশি এবারের বর্ষাবরণে নাগরিক ভাবনায় প্রকাশ পেয়েছে কিছুটা উদ্বেগও।
অনেকেই শৈশবের স্মৃতিচারণ করে বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবে বর্ষা যেন এখন আর তার পুরোনো আপন ধারা বজায় রাখতে পারছে না, কখনো অতিবৃষ্টি আবার কখনো দীর্ঘ অনাবৃষ্টি প্রকৃতিকে ওলটপালট করে দিচ্ছে।
/এমএসটি