প্রতি তিন মাস পর বাজেটের অগ্রগতি পর্যালোচনার প্রস্তাব গণসংহতি আন্দোলনের
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৪ জুন ২০২৬, ০২:৩৬ পিএম
প্রতি তিন মাস পর পর বাজেট বাস্তবায়নে অগ্রগতি পর্যালোচনা এবং তার তথ্য জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়ার প্রস্তাব গণসংহতি আন্দোলনের নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল।
রোববার (১৪ জুন) সকালে হাতিরপুলে গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট পর্যালোচনা নিয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।
হাসান রুবেল বলেন, বাজেট বাস্তবায়নে কাজের মান ও পরিমাণ যথোপযুক্ত এবং জনগণের কাছে সরকারের জবাবদিহিতা নিশ্চিত করার লক্ষ্যে নিয়মিত অগ্রগতি মূল্যায়ন জরুরি।
এসময় বক্তারা বলেন, দীর্ঘস্থায়ী মূল্যস্ফীতি, বেসরকারি খাতের মন্থর বিনিয়োগ এবং একটি নাজুক ব্যাংকিং খাতের মুখোমুখি দাঁড়িয়ে, সরকারের এই বাজেট মূলত বড় ধরনের কাঠামোগত সংস্কার, বেসরকারি খাতের নিয়ন্ত্রণ শিথিলকরণ এবং সামাজিক খাতে ব্যাপক ব্যয়ের মধ্যে একটি ভারসাম্য বজায় রাখার চেষ্টা করছে। তবে, বাজেটের বিশাল আকার এবং ব্যাংক ঋণের ওপর অতিরিক্ত নির্ভরতা সামষ্টিক অর্থনীতিতে বড় ধরনের ঝুঁকি তৈরি করতে পারে।
তারা আরও বলেন, ২০২৬-২৭ অর্থবছরের বাজেটটি একটি বড় ধরনের অর্থনৈতিক বাজি। একদিকে, এটি ভোক্তাদের ওপর থেকে পরোক্ষ কর হ্রাস, সামাজিক নিরাপত্তা বেষ্টনী সম্প্রসারণ এবং তথ্যপ্রযুক্তি, স্টার্টআপ ও কৃষিখাতকে গুরুত্বপূর্ণ নীতিসহায়তা দেওয়ার মাধ্যমে রাজনৈতিক সাহসিকতার পরিচয় দিয়েছে।
এছাড়া, এলডিসি-উত্তর অর্থনীতির জন্য প্রয়োজনীয় প্রাতিষ্ঠানিক মানোন্নয়নের সাথে সঙ্গতি রেখে সাময়িক প্রকল্পের চেয়ে শিক্ষা ও স্বাস্থ্য খাতে পদ্ধতিগত ব্যয় বৃদ্ধির সিদ্ধান্তটি ইতিবাচক বলেও জানান তারা।
/এএন