×
Logo

জাতীয়

কুনমিং-চট্টগ্রাম সরাসরি সড়ক-তিস্তায় চীনা বিনিয়োগের আহ্বান ডেপুটি স্পিকারের

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১২ জুন ২০২৬, ১০:৩৩ পিএম

কুনমিং-চট্টগ্রাম সরাসরি সড়ক-তিস্তায় চীনা বিনিয়োগের আহ্বান ডেপুটি স্পিকারের

কুনমিং-চট্টগ্রাম সরাসরি সড়ক যোগাযোগ স্থাপন এবং তিস্তা ব্যারেজ নির্মাণে বিনিয়োগসহ বাংলাদেশের স্বাস্থ্য, শিক্ষা, পর্যটন, অবকাঠামো ও কৃষি উন্নয়নে চীনা বিনিয়োগ ও সহযোগিতা বৃদ্ধির আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

চীনের ইউনান প্রদেশের গভর্নরের আমন্ত্রণে কুনমিংয়ে অনুষ্ঠিত ৭ম চায়না-সাউথ এশিয়া কোঅপারেশন ফোরাম ও ১০ম চায়না-সাউথ এশিয়া এক্সপোজিশনে অংশগ্রহণ করে তিনি এ আহ্বান জানান।

শুক্রবার (১২ জুন) সফরসূচির অংশ হিসেবে ডেপুটি স্পিকার চীনের কুনমিং মেডিকেল বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় হাসপাতালের কার্যক্রম পরিদর্শন করেন।

হাসপাতাল পরিদর্শনের সময় ডেপুটি স্পিকার বলেন, বাংলাদেশ ও চীনের মধ্যে স্বাস্থ্যখাতে আরও ব্যাপক কাজ করার সুযোগ রয়েছে। কুনমিংয়ের বিভিন্ন মেডিকেলে বাংলাদেশের রোগীদের জন্য আবাসন, ভাষা, চিকিৎসা খরচ হ্রাস ও ভিসাসহ অন্যান্য আনুষঙ্গিক সুবিধাগুলো সহজ করা হলে, উন্নত চিকিৎসার জন্য বাংলাদেশের মানুষ কুনমিংকে বেছে নেবে। একই সঙ্গে তিনি ডাক্তার, টেকনিশিয়ান ও নার্সসহ বিভিন্ন পদে কুনমিংয়ের হাসপাতালসমূহে বাংলাদেশিদের কাজ করার সুযোগ করে দেওয়ারও আহ্বান জানান।

হাসপাতালের ডেপুটি ডিরেক্টর জেনারেল হি তাও, মি. ওয়াং জিয়াংকুন এবং কুনমিং মেডিক্যাল ইউনিভার্সিটির প্রেসিডেন্ট প্রফেসর মি. শিয়া সুয়েশানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তারা সংসদীয় দলকে আশ্বস্ত করে বলেন, চায়না-বাংলাদেশের যৌথ উদ্যোগে চলমান স্বাস্থ্যসেবা কার্যক্রম দিন দিন আরও বেগবান করা হবে। পাশাপাশি কুনমিং মেডিকেলে অধ্যয়নরত এবং পড়তে ইচ্ছুক বাংলাদেশি শিক্ষার্থীদের ভিসা ও আবাসনসহ সম্ভাব্য সব বিষয় সহজতর করার প্রতিশ্রুতি দেন তারা।

হাসপাতাল পরিদর্শন শেষে ডেপুটি স্পীকারের নেতৃত্বাধীন দল চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) ইউনান প্রদেশের সেক্রেটারি ওয়াং নিং এর সাথে হাইজেং গার্ডেন হোটেলে দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে মতবিনিময় করেন। 

ডেপুটি স্পীকার বাংলাদেশে ১২ ফেব্রুয়ারি'র অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে প্রায় দেড় যুগ পর বাংলাদেশ গনতন্ত্রের ধারায় ফিরে এসেছে জানিয়ে কমিউনিস্ট পার্টির সেক্রেটারিকে বাংলাদেশের নব নির্বাচিত প্রধানমন্ত্রী ও বাংলাদেশের জনগণের পক্ষ থেকে শুভেচ্ছা জানান। 

তিনি এর আগেও চীন সফর করলে সরকারীভাবে এ প্রথম চীন সফর করার সুযোগ প্রদান করায় ইউনান প্রদেশের গভর্নরকে ধন্যবাদ জানান। এসময় ডেপুটি স্পীকার সংসদ নেতা মাননীয় প্রধানমন্ত্রীর দ্বিতীয় বিদেশ সফর হিসেবে জুনের শেষ সপ্তাহে চীন সফরের সুসংবাদ দেন কমিউনিস্ট পার্টির সেক্রেটারিকে। এসময় কমিউনিস্ট পার্টির সেক্রেটারিকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানালে তিনি তা সাদরে গ্রহণ করেন এবং সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফর করবেন বলে আশা প্রকাশ করেন।

মতবিনিময় সভায় বানিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মোকতাদির কমিউনিস্ট পার্টির গুরুত্বপূর্ণ এ নেতার মাধ্যমে চীনের কাছে বানিজ্য সম্প্রসারণ, অবকাঠামো, পর্যটন খাত, স্বাস্থ্য , শিক্ষা, কৃষি, চামড়া প্রক্রিয়াজাতকরণসহ বিভিন্ন সেক্টরে বিনিয়োগ বাড়ানোর জন্য আহ্বান জানান। 

বাংলাদেশের সংসদীয় দল এবং বাণিজ্য প্রতিনিধিদলকে গুরুত্ব সহকারে কুনমিং চলমান ৭ম চায়না-সাউথ এশিয়া ফোরাম এ ১০ম চায়না-সাউথ এশিয়া এক্সপজিশনে আমন্ত্রণ ও বিশেষ মর্যাদা প্রদান করায় সিপিসির ইউনান সেক্রেটারিকে ধন্যবাদ জানান। চাইনিজ এ গুরুত্বপূর্ণ নেতাকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানালে তিনি সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফর করার আশা ব্যক্ত করেন।

এ সময় বৈঠকে এনসিপির সদস‍্য সচিব আকতার হোসেন এমপি, বিএনপি দলীয় সংসদ সদস্য ইন্জিনিয়ার খালেদ হোসেন এমপি, সংরক্ষিত স্বতন্ত্র সংসদ সদস‍্য জেসমিন সুলতানা বেইজিং এর বাংলাদেশ রাষ্ট্রদূত নাজল আলমসহ কুনমিংস্হ বাংলাদেশ কনসুলেট এবং ইউনান প্রাদেশিক সরকারের উচ্চপদস্থ কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।

মধ‍্যাহৃভোজের পর ডেপুটি স্পীকারসহ সংসদীয় দল কুনমিং থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে হারবাল মেডিসিনের জনক সি জিয়াং জন্ম ও স্মৃতিবিজড়িত ও ঔষধি গাছ সমৃদ্ধ কুনমিং এর ঐতিহ্য বাহী 'পাওথাও' গ্রাম পরিদর্শন করেন। ৭৪৪ জনবসতির এ গ্রামের ৮০ ভাগের উপরে আদিবাসী যারা শত শত বছরের পুরোনো হারবাল ঔষধি গাছ রোপন ও যত্ন করছেন।  গ্রামটির স্থানীয় বাসিন্দা জ‍্যাং এ‍্যানা ডেপুটি স্পীকারকে গ্রামটির ঐতিহ‍্য ও বৈশিষ্ট্য ঘুরে দেখান ও বিস্তারিত বিবরণ দেন।

দিনের শেষভাগে ডেপুটি স্পীকার চায়না গ্লোবাল টেলিভিশন নেটওয়ার্ক ও চায়না মিডিয়া গ্রুপের সাথে বিশেষ সাক্ষাৎকার প্রদান করেন।

/এআই  

Logo