জ্বালানিমন্ত্রী
বিদ্যুতের ভর্তুকি কমানোর চেষ্টা করে বাজেটে বিদ্যুতের বরাদ্দ নির্ধারণ
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১২ জুন ২০২৬, ০৩:১৬ পিএম
বিদ্যুতের ভর্তুকি কমানোর চেষ্টা করে বাজেটে বিদ্যুতের বরাদ্দ নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। তিনি বলেছেন, সারাবিশ্বে জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমে আসছে। ফলে বিষয়টি মাথায় রেখে ২০৩০ সালের মধ্যে ৫ হাজার মেগাওয়াট নবায়নযোগ্য জ্বালানি উৎপাদনের পরিকল্পনা নিয়েছে সরকার।
শুক্রবার (১২ জুন) সকালে দেশের একমাত্র বিদ্যুৎ সঞ্চালন প্রতিষ্ঠান পাওয়ার গ্রিড বাংলাদেশ (পিজিসিবি) পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা বলেন।
জ্বালানিমন্ত্রী বলেন, ফ্যাসিস্ট সরকার বিদ্যুৎ খাতে অপরিকল্পিত সম্প্রসারণ করায় অনেক লাইন তৈরি হয়েছিল। ফলে উৎপাদন, সঞ্চালন ও সরবরাহ—এই তিন খাতের মধ্যে সমন্বয় করা হয়নি। এতে বিদ্যুৎ উৎপাদন ও সঞ্চালন ঠিক থাকলেও বিভিন্ন এলাকায় সরবরাহ ব্যবস্থা সঠিকভাবে গড়ে ওঠেনি, যার ফলে লোডশেডিং হচ্ছে।
তিনি আরও জানান, আওয়ামী লীগ সরকারের আমলে করা সব বিদ্যুৎ চুক্তি পর্যালোচনা করা হচ্ছে। কোনো আইনি বাধা না থাকলে সেসব চুক্তি থেকে সরে আসবে সরকার।
জ্বালানিমন্ত্রী বলেন, চলতি বছরের নভেম্বর মাস থেকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের একটি ইউনিট থেকে বিদ্যুৎ পাওয়া সম্ভব হবে। এই কেন্দ্র থেকে ৩০০ থেকে ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ পাওয়া যাবে বলেও জানান তিনি।
/এসআইএন