×
Logo

জাতীয়

আদ্-দ্বীন হাসপাতাল থেকে রোগীদের অন্যত্র সরিয়ে নিচ্ছেন স্বজনরা

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১২ জুন ২০২৬, ১২:১৭ পিএম

আদ্-দ্বীন হাসপাতাল থেকে রোগীদের অন্যত্র সরিয়ে নিচ্ছেন স্বজনরা

রাজধানীর আদ্-দ্বীন হাসপাতাল থেকে রোগীদের অন্যান্য হাসপাতালে সরিয়ে নিচ্ছেন স্বজনরা। স্বাস্থ্য অধিদফতরের নির্দেশনা অনুসারে তাদের সরিয়ে নেওয়া হচ্ছে।

গতকাল বৃহস্পতিবারও হাসপাতালটিতে ৪১৬ জন ভর্তি ছিলেন। যাদের মধ্যে আজ শুক্রবার (১২ জুন) সকাল পর্যন্ত ১৭৬ জনকে অন্যত্র সরিয়ে নিয়েছে তাদের পরিবার। বর্তমানে ২৪৩ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন।

এদিকে, স্বাস্থ্য অধিদফতরের লাইসেন্স বাতিলের বিরুদ্ধে আগামী রোববার স্বাস্থ্য মন্ত্রণালয়ে আপিল করবে আদ্‌-দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষ।

গতকাল বৃহস্পতিবার বিকেলে এক ব্রিফিংয়ে স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক প্রভাত চন্দ্র বিশ্বাস জানান, স্বাস্থ্য মন্ত্রণালয়ের তদন্ত কমিটির প্রতিবেদন সাপেক্ষে হাসপাতাল কর্তৃপক্ষকে দেওয়া কারণ দর্শানোর নোটিশের জবাব সন্তোষজনক না হওয়ায় লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত নিয়েছে সরকার।

তবে, হাসপাতাল কর্তৃপক্ষ আগামী ৩০ দিনের মধ্যে এই আদেশের বিরুদ্ধে আপিল করার সুযোগ পাবে বলে তিনি উল্লেখ করেন।

লাইসেন্স বাতিলের পাশাপাশি হাসপাতালে ভর্তি থাকা রোগীদের দ্রুত সময়ে সরিয়ে নেওয়ার নির্দেশ দেয়া হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের সিদ্ধান্তের পর এক সংবাদ বিজ্ঞপ্তিতে আদ-দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষ বলেছে, চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগ পর্যন্ত রোগীদের স্বার্থে হাসপাতালের নিয়মিত কার্যক্রম অব্যাহত রাখার সুযোগ তাদেরকে দেওয়া হবে বলে প্রত্যাশা করছে।

/এমএন

Logo