×
Logo

জাতীয়

অভিযানে কোণঠাসা সুন্দরবনের দস্যুরা: কোস্ট গার্ড

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১২ জুন ২০২৬, ১১:৩৮ এএম

অভিযানে কোণঠাসা সুন্দরবনের দস্যুরা: কোস্ট গার্ড

কোস্ট গার্ডের ধারাবাহিক অভিযান ও কঠোর নজরদারির কারণে সুন্দরবনের বনদস্যুরা কোণঠাসা হয়ে পড়েছে বলে জানিয়েছেন কোস্ট গার্ড পশ্চিম জোনের জোনাল কমান্ডার ক্যাপ্টেন মোহাম্মদ মেসবাউল ইসলাম।

তিনি বলেছেন, দস্যুতা পরিচালনা করতে না পেরে একটি দস্যু চক্র সম্প্রতি জয়মনি ঘোল এলাকায় অবস্থিত কোস্ট গার্ড স্টেশনে হামলা চালায়। হামলায় জড়িতদের গ্রেফতারে কোস্ট গার্ডসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী যৌথভাবে অভিযান চালাচ্ছে।

শুক্রবার (১২ জুন) সকালে সুন্দরবনের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে এসব তথ্য জানান ক্যাপ্টেন মোহাম্মদ মেসবাউল ইসলাম।

ব্রিফিংয়ে তিনি বলেন, সুন্দরবনের নিরাপত্তা নিশ্চিত করা, বনদস্যু দমন, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং উপকূলীয় অঞ্চলে বিভিন্ন অবৈধ কর্মকাণ্ড বিশেষ করে ‘পুশ ইন’ প্রতিরোধে গত পাঁচ মাস ধরে কোস্ট গার্ড দুটি বিশেষ অভিযান পরিচালনা করেছে। অভিযানের নাম ‘অপারেশন রিস্টোর পিস ইন সুন্দরবন’ এবং ‘অপারেশন ম্যানগ্রোভ শিল্ড’। এসব অভিযানে মোট ৩৯ জন বনদস্যুকে আটক করা হয়েছে। এ সময় ৪২টি দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র ও বিপুল পরিমাণ গোলাবারুদ উদ্ধার করা হয়। পাশাপাশি দস্যুদের হাতে জিম্মি থাকা ৪১ জনকে জীবিত উদ্ধার করেছে কোস্ট গার্ড।

তিনি আরও বলেন, অতীতে সুন্দরবন এলাকায় ‘পুশ ইন’ এর ঘটনা ঘটলেও বর্তমানে সেই সুযোগ অনেকটাই বন্ধ হয়ে গেছে। তবে এখনও সুন্দরবনের বিভিন্ন এলাকায় ৬ থেকে ৭টি জলদস্যু গ্রুপ সক্রিয় রয়েছে। তাদেরও দ্রুত আইনের আওতায় আনার জন্য অভিযান অব্যাহত রয়েছে।

অভিযানে দস্যুদের শনাক্ত ও গ্রেফতারের বিষয়ে ক্যাপ্টেন মোহাম্মদ মেসবাউল ইসলাম বলেন, মুক্তিপণের টাকা মোবাইল ব্যাংকিং সেবার মাধ্যমে লেনদেনের সূত্র ধরে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। এসব তথ্য বিশ্লেষণ করে স্থলভাগে দস্যু চক্রের সঙ্গে জড়িত বেশ কয়েকজনকে গ্রেফতার করা সম্ভব হয়েছে। স্থলভাগে যারা এদের সঙ্গে যুক্ত, সাম্প্রতিক কয়েকটি অভিযানে তাদের অনেককেই গ্রেফতার করা হয়েছে। তবে মূল আসামিরা সুন্দরবনের ভেতরে অবস্থান করায় তাদের ধরতে বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।

/এওয়াইএ


Logo