×
Logo

জাতীয়

বেসরকারি চাকরিজীবীদের জন্য বড় সুখবর, মিলবে পেনশন

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১১ জুন ২০২৬, ১০:২০ পিএম

বেসরকারি চাকরিজীবীদের জন্য বড় সুখবর, মিলবে পেনশন

বেসরকারি খাতের চাকরিজীবীদের অবসর-পরবর্তী আর্থিক নিরাপত্তা আরও জোরদার করতে সর্বজনীন পেনশন কর্মসূচিতে বড় ধরনের সুসংবাদ দেওয়া হয়েছে। এখন থেকে এই কর্মসূচির আওতায় অবসরে যাওয়ার সময় অংশগ্রহণকারীরা নিজেদের জমা করা মোট অর্থের ৩০ শতাংশ এককালীন ‘গ্র্যাচুইটি’ হিসেবে তুলতে পারবেন। একই সঙ্গে এবারের বাজেটে সামাজিক সুরক্ষা কর্মসূচি সম্প্রসারণ, নারী, প্রবীণ ও প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা বাড়ানোর ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১১ জুন) বিকেলে জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট উপস্থাপনকালে অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী সর্বজনীন পেনশনের এই নতুন সুবিধার কথা জানান।

বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী বলেন, সামাজিক সুরক্ষা ব্যবস্থাকে আরও কার্যকর ও অন্তর্ভুক্তিমূলক করতে বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে সরকার। এরই অংশ হিসেবে বেসরকারি খাতের কর্মীদের জন্য চালু করা সর্বজনীন পেনশন তহবিলের আওতায় অবসর গ্রহণকালে মোট সঞ্চিত অর্থের ৩০ শতাংশ গ্র্যাচুইটি হিসেবে প্রদানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সংশ্লিষ্টরা মনে করছেন, প্রস্তাবিত এই বাজেট পাস ও বাস্তবায়িত হলে বেসরকারি চাকরিজীবীরা অবসরের পর নিয়মিত মাসিক পেনশনের পাশাপাশি এককালীন একটি বড় অঙ্কের অর্থ হাতে পাবেন। এটি তাদের ভবিষ্যৎ জীবনযাপন ও জরুরি প্রয়োজন মেটানোর পাশাপাশি আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে বড় ধরনের সহায়ক ভূমিকা রাখবে।

পাশাপাশি, নতুন অর্থবছরে সর্বজনীন পেনশন ব্যবস্থাকে আরও আকর্ষণীয় ও শক্তিশালী করার পাশাপাশি দেশের সুবিধাবঞ্চিত মানুষের সামাজিক নিরাপত্তা বলয় বাড়াতে চায় সরকার। সে লক্ষ্যে নারী ও প্রবীণদের সহায়তা বৃদ্ধি এবং প্রতিবন্ধী ব্যক্তিদের মাসিক ভাতা বাড়ানোর জন্য বাজেটে বিশেষ বরাদ্দ ও নীতিগত গুরুত্ব দেওয়া হয়েছে।

/এমএইচআর

Logo