কার্ডিফ ফিরে এলো মিরপুরে, ২১ বছরের অপেক্ষা ঘোচাল টাইগাররা
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৯ জুন ২০২৬, ০৮:১৯ পিএম
ওয়ানডে ক্রিকেটে বাইশবারের দেখায় মাত্র একটি ম্যাচে জয়। তাও এসেছিল ২০০৫ সালে। ২১ বছর পরে এসে মঙ্গলবার (৯ জুন) অস্ট্রেলিয়ার বিপক্ষে নিজেদের মাটি মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে ২৩তম ম্যাচে অজিদের উড়িয়ে দিয়েছে বাংলাদেশ। চার বছর পর দলে ফেরা মোসাদ্দেক হোসেনের অলরাউন্ডার পারফরম্যান্সে ডিএল মেথডে ৮৬ রানের জয় পেলো টাইগাররা।
২০০৫ সালে কার্ডিফে আশরাফুলের নৈপুণ্যে প্রথমবারের মতো ক্যাঙ্গারুদের বধের পর দেশটির বিপক্ষে ওয়ানডেতে জয় না পেলেও টেস্ট, টি-টোয়েন্টিতে ধরা দেয় জয়। এ জন্য আশরাফুলের জন্যই দীর্ঘ অপেক্ষা। কার্ডিফের সেই আশরাফুল আজও ছিলেন মিরপুরে, তবে ব্যাটিং কোচ হিসেবে।
এর আগে, মিরপুরে সিরিজের প্রথম ওয়ানডেতে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন অস্ট্রেলিার অধিনায়ক জশ ইংলিস। আগে ব্যাটিং পাওয়া বাংলাদেশ ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৮৪ রান করে। ইনিংস সর্বোচ্চ ৮৬ রান করেন মোসাদ্দেক হোসেন সৈকত। পাশাপাশি তানজিদ হাসান তামিম ও নাজমুল হোসেন শান্তও অর্ধশতক হাকান। তামিমের ব্যাট থেকে আসে ৫৪ রান, শান্ত করেছেন ৬৭ রান।
২৮৫ রানের লক্ষ্যে নেমে ইনিংসের প্রথম বলে উইকেট হারায় অস্ট্রেলিয়া। দারুণ এক ডেলিভারিতে অজি ওপেনার ম্যাথু শর্টকে বোল্ড করেন তাসকিন আহমেদ। তাসকিনের পর দ্বিতীয় ওভারে মোস্তাফিজুর রহমানও আঘাত হানেন। মারনাস লাবুশেনের বিপক্ষে এলবিডব্লুর জোরালো আবেদন মোস্তাফিজ করলেও আম্পায়ার সাড়া দেননি। মেহেদী হাসান মিরাজ রিভিউ নিলে লাবুশেন (১) ফিরে যান সাজঘরে।
তৃতীয় উইকেটে ৫৩ বলে ৪৯ রানের জুটি গড়েন ইংলিস-কুপার কনোলি। ইংলিসের বিদায়ের পর চতুর্থ উইকেটে ৫৫ বলে ৪৪ রানের জুটি গড়েন অ্যালেক্স ক্যারি-কনোলি। ২০তম ওভারের চতুর্থ বলে কনোলিকে (৩৫) বোল্ড করে জুটি ভাঙেন মোসাদ্দেক হোসেন সৈকত।
কনোলি ফেরার পর অস্ট্রেলিয়ার স্কোর হয়ে যায় ১৯.২ ওভারে ৪ উইকেটে ৯১ রান। ক্রিজে থাকা অ্যালেক্স ক্যারি (৪৭) রানার গতি ও বাউন্সারে পরাস্ত হওয়ার পর ধুঁকতে থাকে অজিরা। এ সময় ব্যাটারদের আসা যাওয়ার মাঝে এক প্রান্ত আগলে রেখে ব্যাটিং করার চেষ্টা করেন ক্যামেরুন গ্রিন। ৬৬ বলে ৫২ রান করে অপরাজিত থেকেছেন তিনি। তাকে কেউই যোগ্য সঙ্গ দিতে পারেনি।
ক্যাঙ্গারুদের মিডল অর্ডার ভেঙে দিতে মূল ভূমিকা ছিল রানার। এই ডানহাতি পেসার মিরপুরে রীতিমতো আগুন ঝরিয়েছেন, নিয়েছেন ৪ উইকেট।
অস্ট্রেলিয়ার স্কোরবোর্ডে যখন ৪২ ওভার ২ বলে ৯ উইকেট হারিয়ে ১৯১ রান, তখন হানা দেয় বৃষ্টি। এরপর খেলা আর মাঠে না গড়ালে ডিএল মেথডে ৮৬ রানের জয় পায় বাংলাদেশ।
/এমএন