×
Logo

জাতীয়

সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠা নিয়ে হাইকোর্টের রায় আপিল বিভাগে স্থগিত

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৯ জুন ২০২৬, ১২:২৪ পিএম

সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠা নিয়ে হাইকোর্টের রায় আপিল বিভাগে স্থগিত

তিন মাসের মধ্যে সুপ্রিম কোর্টের জন্য আলাদা সচিবালয় প্রতিষ্ঠা সংক্রান্ত হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় স্থগিত করেছে আপিল বিভাগ। একই সঙ্গে এ বিষয়ে আপিল শুনানির জন্য আগামী ১৬ জুন দিন ধার্য করা হয়েছে। 

মঙ্গলবার (৯ জুন) প্রধান বিচারপতির নেতৃত্বে ৪ বিচারপতির আপিল বেঞ্চ এই আদেশ দেন।

আপিল শুনানির শুরুতে অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল হাইকোর্টের পৃথক সচিবালয় প্রতিষ্ঠা সংক্রান্ত রায় স্থগিতের আবেদন জানান। সংক্ষিপ্ত শুনানি শেষে আপিল বিভাগ রায় স্থগিত করে পুর্ণাঙ্গ আপিলের উপর শুনানির দিন নির্ধারণ করে।

অ্যাটর্নি জেনারেল জানান, বিচার বিভাগের স্থবিরতা কাটাতে রায়টি স্থগিত করা হয়েছে। রায় স্থগিত না হলে প্রশাসনিক জটিলতা হতো এমনটাও জানান তিনি।

এর আগে গত ৭ এপ্রিল হাইকোর্ট ১৮৫ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ করে। পরে ২১ মে রাষ্ট্রপক্ষ ওই রায়ের বিরুদ্ধে আপিল করে।

হাইকোর্টের রায়ে অধস্তন আদালতের ম্যাজিস্ট্রেটদের কর্মস্থল নির্ধারণ, পদোন্নতি, ছুটি এবং শৃঙ্খলাসংক্রান্ত দায়িত্ব সংবিধানের ১১৬ অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতির হাতে থাকার বিধান বাতিল করা হয়। ফলে এসব দায়িত্ব সুপ্রিম কোর্টের ওপর ন্যস্ত করা হয়।

/এএন

Logo