রাজধানীতে পথচারীকে ধাক্কা দিলেন মোটরসাইকেল চালক, প্রাণ গেল বাস চাপায়
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৮ জুন ২০২৬, ০৬:৪৯ এএম
রাজধানীর মগবাজারে মোটরসাইকেলের ধাক্কায় বাসচাপা পড়ে আক্তারুল আলম নামে এক পথচারী নিহত হয়েছেন।
রোববার (৭ জুন) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মগবাজার ওয়্যারলেস মোড়ে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত আক্তারুল আলমকে মালিবাগে একটি বেসরকারি হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
হাতিরঝিল থানার উপপরিদর্শক মো. আলামিন জানান, রাস্তা পার হওয়ার সময় এক মোটরসাইকেলের সঙ্গে আক্তারুল আলমের ধাক্কা লাগে। এ নিয়ে মোটরসাইকেল চালকের সঙ্গে তার তর্কবিতর্ক হয়। এক পর্যায়ে মোটরসাইকেল চালক ঐ ব্যক্তিকে ধাক্কা দিয়ে রাস্তায় ফেলে দেন। এ সময় আজমেরী গ্লোরি পরিবহনের একটি বাস তাকে চাপা দেয়।
এ ঘটনার পর, মোটরসাইকেল চালককে আটক ও আজমেরী পরিবহনের বাসটি জব্দ করা হয়। তবে বাসচালক পালিয়ে যায়।
ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। হাসপাতালে আক্তারুল আলমের ছেলে ইমাম মেহেদী পরম জানান, তাদের বাড়ি পিরোজপুর; বাড্ডার ডিআইটি প্রজেক্ট এলাকায় থাকেন তারা।
/এমএইচআর