মার্কিন বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে সংসদের সামনে 'গণপ্রতিবাদ'
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৭ জুন ২০২৬, ০৬:৫৮ পিএম
চলতি সংসদ অধিবেশনেই দেশের স্বার্থবিরোধী মার্কিন বাণিজ্য চুক্তি বাতিলের দাবি জানিয়েছে গণতান্ত্রিক অধিকার কমিটি।
রোববার (৭ জুন) বিকেলে জাতীয় সংসদ ভবনের সামনে মানিক মিয়া অ্যাভিনিউতে এক 'সম্মিলিত গণপ্রতিবাদ' কর্মসূচি থেকে এই দাবি তোলা হয়।
বক্তারা অভিযোগ করেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাত্র তিন দিন আগে অন্তর্বর্তী সরকার দেশের মানুষকে অন্ধকারে রেখে এই চুক্তি স্বাক্ষর করে।
একে মার্কিন প্রশাসনের একটি 'আদেশপত্র' আখ্যা দিয়ে আন্দোলনকারীরা বলেন, এই চুক্তির কারণে দেশের বাণিজ্যিক সার্বভৌমত্ব, তথ্য ও জ্বালানি নিরাপত্তা মারাত্মক হুমকিতে পড়বে। একই সাথে কৃষি, ওষুধ ও ডেইরিসহ দেশীয় শিল্প খাত বড় ধরনের ক্ষতির মুখে পড়বে বলে তারা আশঙ্কা প্রকাশ করেন।
সমাবেশ থেকে চুক্তি অনুযায়ী ৬০ দিনের নোটিশ দিয়ে অবিলম্বে এটি বাতিলের জন্য সরকারের প্রতি আহ্বান জানানো হয়। পাশাপাশি, জাতীয় স্বার্থ জলাঞ্জলি দিয়ে এই অসম চুক্তি স্বাক্ষরের সাথে জড়িতদের তদন্তের মাধ্যমে বিচারের মুখোমুখি করারও জোর দাবি জানান নাগরিক সমাজের প্রতিনিধিরা।
/এএম