×
Logo

জাতীয়

ত্রয়োদশ জাতীয় সংসদের বাজেট অধিবেশন শুরু

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৭ জুন ২০২৬, ০৩:১৬ পিএম

ত্রয়োদশ জাতীয় সংসদের বাজেট অধিবেশন শুরু

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন শুরু হয়েছে। গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি সরকার গঠনের পর এটিই সংসদের প্রথম বাজেট অধিবেশন।

রোববার (৭ জুন) বিকেল ৩টায় জাতীয় সংসদ ভবনে এই অধিবেশন শুরু হয়। অধিবেশনে আগামী ১১ জুন ২০২৬-২৭ অর্থবছরের বাজেট প্রস্তাব উপস্থাপন করবেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।

অধিবেশনের শুরুতে ধর্ষণের শিকার হয়ে নিহত রামিসা, ফাহিমা মীম, আমিনা  ও তাবাসসুম আক্তারের জন্য সর্বসম্মতিক্রমে শোকপ্রস্তাব গ্রহণ করা হয়। নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে সংসদে ১ মিনিট নিরবতা পালন করেন সংসদ সদস্যরা।

এর আগে, মৃত্যুবরণ করা ১৬ জন সাবেক মন্ত্রী, প্রতিমন্ত্রী, হুইপ ও সংসদ সদস্যের জন্য সংসদে শোক প্রস্তাব গ্রহণ করা হয়। তাদের মধ্যে রয়েছেন সৈয়দ মোহাম্মদ কায়সার, অধ্যাপক এম এ মান্নান, জি এম ফজলুল হক, এবিএম আনোয়ারুল হক, ব্যারিস্টার শফিক আহমেদ, মোহাম্মদ সামসুদ্দোহা, আবু নূর মোহাম্মদ বাহাউল হক, দেওয়ান সামছুল আবেদিন, গোলাম সরওয়ার মিলন, মোসলেম উদ্দিন, ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, মিজানুর রহমান সিনহা, দবিরুল ইসলাম, তোফায়েল আহমেদ, আব্দুল মতিন এবং এ কে এম রহমতউল্লাহ। তাদের মৃত্যুতে জাতীয় সংসদের শোক ও দু:খ প্রকাশ করা হয়। 

এছাড়া অধিবেশনে সংসদের দ্বিতীয় অধিবেশনের জন্য সভাপতিমণ্ডলি মনোনয়ন দেওয়া হয়। মনোনীত সদস্যরা হলেন, বেগম সেলিমা রহমান, ওসমান ফারুক, জয়নুল আবেদিন, মো. শাহজাহান এবং শাহজাহান চৌধুরী।

এর আগে সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে গত ৭ মে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সংসদের এ অধিবেশন আহ্বান করেন।

আগামী অর্থবছরের জন্য প্রায় ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট প্রণয়নের পরিকল্পনা করেছে সরকার। বৈশ্বিক ঝুঁকি মোকাবিলা, ভর্তুকি ও সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে ব্যয় বৃদ্ধি, সুদ পরিশোধের চাপ এবং সরকারি কর্মচারীদের প্রস্তাবিত নতুন বেতন কাঠামোর সুপারিশ আংশিক বাস্তবায়নের কারণে ব্যয়ের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বাড়ছে।

মূলত, অর্থনীতি পুনরুদ্ধার, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, বিনিয়োগ ও কর্মসংস্থান বৃদ্ধিকে অগ্রাধিকার দেওয়া হলেও প্রায় ২ লাখ ৪৩ হাজার কোটি টাকার রেকর্ড ঘাটতি, বাজেটের অন্যতম বড় চ্যালেঞ্জ। আগামী অর্থবছরে মূল্যস্ফীতি সাড়ে ৭ শতাংশে নামিয়ে আনার লক্ষ্য স্থির করা হচ্ছে।

/এএন


Logo