রামিসা ধর্ষণ-হত্যা মামলা
আপিল কার্যক্রম দ্রুত নিষ্পত্তি করতে পদক্ষেপ নেয়া হবে: অ্যাটর্নি জেনারেল
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৭ জুন ২০২৬, ১২:৫৬ পিএম
রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়ের আপিল কার্যক্রম দ্রুত নিষ্পত্তি করতে পদক্ষেপ নেবে অ্যাটর্নি জেনারেল অফিস বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল। বলেন, রাষ্ট্রের দ্বায়িত্ব যে কোন মামলার দৃষ্টান্ত মূলক শাস্তি নিশ্চিত করা৷ মানুষ দেখতে চায় রায় কার্যকর৷ মানুষের মধ্যে যে শঙ্কা রায় কার্যকর হয় না, এর পরিবর্তন চাই আমরা।
রোববার (৭ জুন) রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়ের পর তিনি এসব কথা বলেন।
অ্যাটর্নি জেনারেল বলেন, এ মামলার রায় বিচারিক প্রক্রিয়ার একটি মাইলফলক৷ আছিয়ার হত্যাকাণ্ডের চেয়ে কম সময়ে এ রায় হয়েছে৷ পাশাপাশি, সব মামলার রায়ে এমন প্রক্রিয়া অবলম্বন করা হবে বলেও জানান তিনি।
এই রায়ে স্বস্তি প্রকাশ করে তিনি বলেন, এই মামলার তদন্ত কর্মকর্তা দ্রুত সময়ের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিয়েছিলেন, তাই বিচার কাজ বিলম্বিত হবার কোন কারণ ছিল না।
এই মামলার পরবর্তী প্রক্রিয়া সম্পর্কে অ্যাটর্নি জেনারেল জানান, বিচারিক আদালত থেকে রেফারেন্স এবং পেপার বুক আসার পর থেকে দ্রুততার সাথে উচ্চ আদালতের আইনি প্রক্রিয়া শুরু করা হবে।
তিনি আরও বলেন, রামিসার বাবা প্রধানমন্ত্রী তারেক রহমানের ওপর ভরসা রেখেছিলেন। এ মামলায় সর্বোচ্চ গুরুত্ব দিয়েছিলেন প্রধানমন্ত্রী।
এছাড়া এ মামলার তদন্ত কর্মকর্তা থেকে শুরু করে রাষ্ট্রপক্ষের আইনজীবীসহ সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন অ্যাটর্নি জেনারেল।
উল্লেখ্য, আজ রোববার (৭ জুন) রাজধানীর পল্লবীতে আলোচিত শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না খাতুনকে মৃত্যুদণ্ড এবং একইসঙ্গে সোহেলকে ৫ লাখ ও তার স্ত্রীকে ২ লাখ টাকা অর্থদণ্ড দিয়েছে আদালত। এটিই দেশের ইতিহাসে প্রথম কোনো ধর্ষণ ও হত্যা মামলা, যার বিচারকাজ শেষ হয় ৪ দিনে।
/এনএ