এনসিপি প্রতিনিধিদলের সঙ্গে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৬ জুন ২০২৬, ০৫:৫৩ পিএম
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে একটি প্রতিনিধিদল তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের সঙ্গে বৈঠক করেছেন। গতকাল শুক্রবার ঢাকার একটি হোটেলে এ বৈঠক অনুষ্ঠিত হয়। আজ শনিবার (৬ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী ফিদান জুলাই বিপ্লবে এনসিপি নেতৃত্বের গুরুত্বপূর্ণ ভূমিকার প্রশংসা করেন, যে আন্দোলনের মাধ্যমে শেখ হাসিনা সরকারের পতন ঘটে। জবাবে এনসিপি প্রতিনিধিদল রোহিঙ্গা সংকট সমাধানে তুরস্কের অব্যাহত কূটনৈতিক সমর্থন ও সক্রিয় ভূমিকার জন্য গভীর কৃতজ্ঞতা প্রকাশ করে।
দুই নেতা দ্বিপাক্ষিক ও কৌশলগত নানা বিষয়ে আলোচনা করেন। আলোচনায় প্রতিরক্ষা সহযোগিতা সম্প্রসারণ, দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধি এবং সামগ্রিক কূটনৈতিক সম্পর্ক আরও জোরদার করার বিষয়গুলো বিশেষ গুরুত্ব পায়।
এনসিপি নেতারা বাংলাদেশ ও তুরস্কের তরুণ প্রজন্মের মধ্যে সহযোগিতা ও পারস্পরিক বোঝাপড়া বৃদ্ধির লক্ষ্যে শক্তিশালী বিনিময় কর্মসূচি (এক্সচেঞ্জ প্রোগ্রাম) চালুর প্রয়োজনীয়তার ওপরও গুরুত্বারোপ করেন।
এনসিপি প্রতিনিধিদলের অন্যান্য সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন দলের সদস্যসচিব আখতার হোসেন এমপি, মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দীন পাটওয়ারী, যুগ্ম আহ্বায়ক ও সংসদ সদস্য আতীক মুজাহিদ, আন্তর্জাতিক বিষয়ক দায়িত্বপ্রাপ্ত আলাউদ্দিন মোহাম্মদ এবং যুগ্ম সদস্যসচিব হোমাইরা নূর ও রাফে সালমান রিফাত।
/এসআইএন