গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু হয়েছে। পাশাপাশি, এই সময়ে হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছে ১ হাজার ৪৪৮ জন।
সোমবার (২৭ এপ্রিল) স্বাস্থ্য অধিদফতরের কন্ট্রোল রুম থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, গত একদিনে হামের উপসর্গ নিয়ে ঢাকা, রাজশাহী, খুলনা ও সিলেট বিভাগে একজন করে মোট ৪ জনের মৃত্যু হয়েছে। পাশাপাশি, এই সময়ে সিলেট বিভাগে হামে আক্রান্ত হয়ে আরও এক শিশুর মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে ২৭ এপ্রিল সকাল ৮টা পর্যন্ত মোট সন্দেহভাজন হামের রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩৩ হাজার ৩৮৬ জনে। এর মধ্যে ৪ হাজার ৬৯৩ জনের হাম শনাক্ত হয়েছে।
এই সময়ে সারাদেশে হামের উপসর্গ নিয়ে মোট ২২ হাজার ৪৪২ জন শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের মধ্যে এ পর্যন্ত সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে ১৯ হাজার ১৮ জন শিশু।
/এএম