জাতিসংঘে ‘ভুল তথ্য’ উপস্থাপনের প্রতিবাদে ঢাকায় পিসিসিপির বিক্ষোভ
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৫ এপ্রিল ২০২৬, ০৫:২৩ পিএম
জাতিসংঘের আদিবাসী বিষয়ক স্থায়ী ফোরাম (UNPFII)-এর ২৫তম অধিবেশনে পার্বত্য চট্টগ্রাম নিয়ে ‘বিভ্রান্তিমূলক ও অসত্য’ তথ্য উপস্থাপনের প্রতিবাদে ঢাকায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ (পিসিসিপি) ঢাকা মহানগর শাখা। শনিবার (২৫ এপ্রিল) দুপুরে জাতীয় প্রেস ক্লাব প্রাঙ্গণে এ মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন শাখার সিনিয়র সহ-সভাপতি মো. মিজান উদ্দিন এবং সঞ্চালনা করেন সভাপতি মো. রাসেল মাহমুদ। প্রধান অতিথির বক্তব্যে পিসিএনপির কেন্দ্রীয় নেতা শেখ আহমেদ রাজু বলেন, আন্তর্জাতিক অঙ্গনে পার্বত্যাঞ্চল ও নিরাপত্তা বাহিনী সম্পর্কে একপাক্ষিক ও মিথ্যা চিত্র তুলে ধরা হয়েছে, যা বাস্তবতার সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। তিনি দাবি করেন, পার্বত্য চট্টগ্রামে নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
সভাপতি রাসেল মাহমুদ অভিযোগ করেন, বিদেশে অবস্থানরত কিছু ব্যক্তি বাস্তবতা না জেনেই পাহাড় নিয়ে ভুল তথ্য ছড়াচ্ছে। তিনি বলেন, জেএসএস, ইউপিডিএফ ও কেএনএফের চাঁদাবাজিতে স্থানীয় মানুষ ভোগান্তিতে রয়েছে, যা আন্তর্জাতিক পর্যায়ে উপেক্ষিত।
প্রধান বক্তা পিসিসিপি কেন্দ্রীয় সভাপতি শাহাদাৎ হোসেন কায়েশ বলেন, যারা আন্তর্জাতিক মঞ্চে দেশের বিরুদ্ধে বিভ্রান্তিকর বক্তব্য দিচ্ছে, তাদের শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে। স্টুডেন্টস ফর সভরেন্টির আহ্বায়ক জিয়াউল হক ‘আদিবাসী’ শব্দ ব্যবহারের বিরোধিতা করে বলেন, এ ধরনের ধারণা রাষ্ট্রের অখণ্ডতার জন্য ঝুঁকিপূর্ণ।
বক্তারা শান্তি চুক্তির পূর্ণ বাস্তবায়নের আগে অবৈধ অস্ত্র উদ্ধার, ভূমি কমিশন পুনর্গঠন ও নিরপেক্ষ জরিপের দাবি জানান। সমাবেশে বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।
/এমএমএইচ