আগামীতে হজ ব্যবস্থাপনা আরও ঢেলে সাজানো হবে: বিমান প্রতিমন্ত্রী
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২০ এপ্রিল ২০২৬, ০১:১৭ পিএম
আগামীতে হাজীদের বিমানের ভাড়া আরও কমিয়ে, হজকে মধ্যবিত্তদের নাগালের নিয়ে আসার চেষ্টা করবে সরকার। এমনটাই জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।
সোমবার (২০ এপ্রিল) হজযাত্রীদের খাবারের দাম ও মান নিয়ে অভিযোগের প্রেক্ষিতে হজ ক্যাম্পে থাকা ক্যাফেটেরিয়া পরিদর্শন শেষে এ কথা জানান তিনি।
প্রতিমন্ত্রী বলেন, অভিযোগ পেয়েই দু-দফা কমানো হয়েছে খাবারের দাম। এছাড়া নিশ্চিত করা হয়েছে স্বাস্থ্যকর উপায়ে খাবার পরিবেশন।
এসময়, ছোটখাটো ভূলত্রুটির জন্য দুঃখপ্রকাশ করেন প্রতিমন্ত্রী। বলেন, ফ্লাইট ও খাবারের দাম কমানো, হাজিদের পর্যাপ্ত বসার ব্যবস্থা, কুলিং সিস্টেমসহ আগামীতে হজ ব্যবস্থাপনা আরও ঢেলে সাজানো হবে।
এবার হাজীদের জন্য বিমানের ভাড়া ১২ হাজার টাকা কমানো হয়েছে উল্লেখ করে সামনের বছর এর পরিমাণ আরও কমানো হবে বলে আশাবাদ ব্যক্ত করেন বিমান প্রতিমন্ত্রী।
/এমএইচআর