শিক্ষামন্ত্রীকে যমুনা টিভির দৃষ্টি আকর্ষণ: পরীক্ষায় 'নীরব বহিষ্কারের' নিয়ম বাদ
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৮ এপ্রিল ২০২৬, ০৯:৪৩ পিএম
পাবলিক পরীক্ষায় 'নীরব বহিস্কার' নিয়ে যমুনা টেলিভিশন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের দৃষ্টি আকর্ষণ করার পর তার নির্দেশে এ নিয়ম বাতিল করা হয়েছে।
শনিবার (১৮ এপ্রিল) ঢাক শিক্ষা বোর্ডের এক বিজ্ঞপ্তিতে আন্তশিক্ষা বোর্ড সমন্বয়ক কমিটি নীতিমালা থেকে এ সংক্রান্ত ২৯ নম্বর অনুচ্ছেদটি বাতিলের কথা জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিটিতে বলা হয়, মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা পরিচালনা সংক্রান্ত নীতিমালা ২০২৬-এর নিম্নোক্ত অনুচ্ছেদটি এতদ্বারা বাতিল করা হলো।
উল্লেখ্য, এই অনুচ্ছেদে বলা হয়েছিল— কোনো পরীক্ষার্থীকে বিজ্ঞপ্তির মাধ্যমে প্রকাশ্যে বহিষ্কার করলে যদি আইনশৃঙ্খলার অবনতি হবার আশঙ্কা থাকে অথবা কক্ষ প্রত্যবেক্ষকসহ পরীক্ষা সংক্রান্ত দায়িত্বে নিয়োজিত কোনো কর্মকর্তা/কর্মচারীর নিরাপত্তা বিঘ্নিত হবার সম্ভাবনা থাকে; কেবলমাত্র সেই ক্ষেত্রেই নীরব বহিস্কার করা যাবে। তবে বিষয়/পত্রের পরীক্ষা শেষে প্রত্যবেক্ষকের সুস্পষ্ট বিবরণসহ গোপনীয় প্রতিবেদন প্রস্তুত করে উত্তরপত্র আলাদা প্যাকেটে পরীক্ষা নিয়ন্ত্রকের দফতরে পাঠাতে হবে। (উত্তরপত্রের OMR-এর প্রথম অংশ আলাদা করা যাবে না)।
পরীক্ষা পরিচালনা সংক্রান্ত নীতিমালা-২০২৬ প্রকাশ হওয়ার পর এই অনুচ্ছেদ দেখে পরীক্ষার্থীদের মাঝে ভীতির সঞ্চার হয়। এ আইনের অপব্যবহার হতে পারে বলে ধারণা করছিল।
শনিবার (১৮ এপ্রিল) সচিবালয়ে এবারের মাধ্যমিক (এসএসসি) ও সমমানের এবং উচ্চমাধ্যমিক (এইচএসসি) ও সমমানের পরীক্ষা সুষ্ঠুভাবে আয়োজনে অংশীজনদের সঙ্গে মতবিনিময়ে বিষয়টি নিয়ে শিক্ষামন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন যমুনা টেলিভিশনের প্রতিবেদক।
তিনি তা দেখে তাৎক্ষণিকভাবেই জানান, পরীক্ষায় ‘নীরব বহিষ্কারের’ নিয়ম থাকবে না। অনুচ্ছেদটি বাদ দিতে সংশ্লিষ্টদের নিদের্শ দেন। আর তাকে না জানিয়েই এই নীতিমালা প্রকাশ করা হয়েছিল।
শিক্ষামন্ত্রীর নির্দেশনার কয়েক ঘণ্টার মাথায় ঢাকা শিক্ষা বোর্ড বিজ্ঞপ্তি দিয়ে জানালো 'নীরব বহিষ্কার' হবে না কোনো শিক্ষার্থী।
/এমএন