টিকিট কাউন্টার উচ্ছেদ অভিযান
সংকট নিরসনে বাস টার্মিনালের আধুনিকায়নের বিকল্প নেই- সংশ্লিষ্ট কর্তৃপক্ষ
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৫ এপ্রিল ২০২৬, ০৯:৫৭ এএম
রাজধানীর যানজট নিরসনে বাস টার্মিনালের বাইরের সব টিকিট কাউন্টার উচ্ছেদে চিরুনি অভিযানে নেমেছে সিটি করপোরেশন কর্তৃপক্ষ। তবে বিকল্প ব্যবস্থা না করে এই অভিযানে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রী ও পরিবহন মালিকরা। পরিবহন মালিকরা বলছেন, সংকট নিরসনে টার্মিনালের আধুনিকায়নের বিকল্প নেই।
সায়দাবাদ, গাবতলী ও মহাখালী রাজধানীর এই তিনটি প্রধান টার্মিনালই এখন ধারণক্ষমতার কয়েকগুণ যানবাহনের চাপে পিষ্ট। ফলে বাধ্য হয়েই টার্মিনালের বাইরে প্রধান সড়কের পাশে গড়ে উঠেছিল শীতাতপ নিয়ন্ত্রিত আধুনিক সব কাউন্টার।
ডিএসসিসি’র নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আমিনুল ইসলাম জানান, যানজট কমাতে অবৈধ এসব কাউন্টার উচ্ছেদ করা হচ্ছে এবং প্রয়োজনে টার্মিনালের ভেতরে জায়গার ব্যবস্থা করা হবে।
তবে শ্যামলী এনআর ট্রাভেলসের পরিচালক শুভংকর ঘোষ রাকেশ বলছেন, টার্মিনালের যে আয়তন তাতে সব বাস ভেতরে ঢোকানো কার্যত অসম্ভব।
এদিকে, সাধারণ যাত্রীরা বলছেন, টার্মিনালের ভেতরে সন্ধ্যার পর ছিনতাইকারীর আতঙ্কে থাকতে হয়। আর বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব মো. সাইফুল আলম জানান, টার্মিনালগুলোকে আধুনিকায়ন ও আরামদায়ক না করে বাইরের কাউন্টার উচ্ছেদ করলে সংকট আরও বাড়বে।
বিশেষজ্ঞরা বলছেন, রুট পারমিট বাতিল, টার্মিনাল স্থানান্তর বা রোটেশন পদ্ধতির মতো পরিকল্পনাগুলো কাগজে-কলমে থাকলেও তার বাস্তবায়ন না হলে যানজটের এই অচলাবস্থা থেকে মুক্তি মিলবে না।
/এএ/এসআইএন