×
Logo

জাতীয়

বিসিক ও বাংলা একাডেমির যৌথ উদ্যোগে বৈশাখী মেলা শুরু মঙ্গলবার

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৩ এপ্রিল ২০২৬, ০৬:৩৫ পিএম

বিসিক ও বাংলা একাডেমির যৌথ উদ্যোগে বৈশাখী মেলা শুরু মঙ্গলবার

বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) ও বাংলা একাডেমির যৌথ উদ্যোগে আয়োজন করা হয়েছে ‘বৈশাখী মেলা ১৪৩৩’। আগামীকাল মঙ্গলবার (১৪ এপ্রিল) থেকে ২০ এপ্রিল প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত চলবে এই মেলা।

আজ সোমবার (১৩ এপ্রিল) বাংলা একাডেমির শহিদ মুনীর চৌধুরী সভাকক্ষে সংবাদ সম্মেলনে বিসিকের চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

বিসিকের চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম বলেন, মঙ্গলবার মেলা উদ্বোধন করা হবে। অনুষ্ঠানে সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

তিনি আরও বলেন, টানা সাত দিনের এই মেলায় থাকছে বাংলাদেশের ঐতিহ্যবাহী উপকরণ। ক্ষুদ্র ও কুটির শিল্পের উদ্যোক্তাদের উৎপাদিত নানা পণ্য। বৈশাখী সাজসজ্জা, মাটির পণ্য, নকশিকাঁথা ও গ্রামীণ ঐতিহ্যের সমাহার এখানে পাবেন।

বিসিকের পক্ষ থেকে জানানো হয়, বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন (বিসিক) প্রতিষ্ঠালগ্ন থেকেই সরকারি খাতের মধ্যে প্রধান প্রতিষ্ঠান হিসেবে কুটির, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি শিল্পের উন্নয়ন ও বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। বিসিক নতুন উদ্যোক্তা সৃষ্টি, শিল্প নিবন্ধন প্রদান, প্রশিক্ষণ প্রদান, ঋণ সহায়তা প্রদান, উদ্যোক্তাদের উৎপাদিত পণ্যের বাজারজাতকরণে সহায়তা প্রদানসহ বিভিন্নমুখী কার্যক্রম পরিচালনা করে থাকে। বিসিক উদ্যোক্তাদের উৎপাদিত পণ্যের প্রচার-প্রসার, বাজারজাতকরণ ও বাজার সম্প্রসারণের লক্ষ্যে সারা বছরব্যাপী পণ্য মেলা, প্রদর্শনী আয়োজন করে থাকে।

এবারের মেলায় ১৬০টি স্টল থাকবে। অন্যান্য স্টলের পাশাপাশি বিনামূল্যে প্রান্তিক কারুশিল্পীদের জন্য ১৩টি স্টল, ক্ষুদ্র নৃতাত্ত্বিক গোষ্ঠীর জন্য ২টি স্টল, স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির জন্য ১টি স্টল বরাদ্দ থাকবে।

/এএ

Logo