১৮তম শিক্ষক নিবন্ধনে সুপারিশ বঞ্চিতদের দ্রুত নিয়োগের দাবি
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৭ এপ্রিল ২০২৬, ০৬:২৪ পিএম
১৮তম শিক্ষক নিবন্ধনে চূড়ান্ত উত্তীর্ণ হয়েও নিয়োগ না পাওয়ায় রাজপথে নেমেছেন কয়েক হাজার চাকরিপ্রার্থী। ৭ম গণবিজ্ঞপ্তিতে সুপারিশ বঞ্চিত প্রায় ৬ হাজার প্রার্থী মঙ্গলবার (৭ এপ্রিল) সকালে রাজধানীতে জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে দ্রুত নিয়োগের দাবি তুলেছেন।
দাবি পূরণ না হলে আত্মহত্যার মতো কঠোর পথ বেছে নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তারা।
আন্দোলনকারীরা অভিযোগ করেন, ১৯ লাখ পরীক্ষার্থীর মধ্যে প্রিলি, লিখিত ও ভাইভা এই তিন ধাপের পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরও এনটিআরসিএর অব্যবস্থাপনায় তারা নিয়োগ বঞ্চিত হয়েছেন।
তাদের দাবি, সারাদেশে লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য থাকলেও এনটিআরসিএ যথেষ্ট শূন্যপদ যুক্ত করেনি। উল্টো ১৯তম নিবন্ধনে নতুন পদ্ধতিতে নিয়োগের তোড়জোড় শুরু করে ১৮-এ উত্তীর্ণদের ভবিষ্যৎ অনিশ্চয়তায় ফেলে দেওয়া হয়েছে।
মানববন্ধনে প্রার্থীরা ক্ষোভ প্রকাশ করে বলেন, ইতোপূর্বে এনটিআরসিএর মাধ্যমে কয়েক হাজার জাল সনদধারী শিক্ষক নিয়োগ পেলেও মেধাবীদের আজ রাস্তায় ঘুরতে হচ্ছে। সুপারিশ বঞ্চিত হওয়ায় ইতোমধ্যে একজন চাকরিপ্রার্থী আত্মহত্যা করেছেন বলেও তারা উল্লেখ করেন।
এ অবস্থায় আন্দোলনকারীদের প্রধান দুটি দাবি হচ্ছে—
১. ১৮তম নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ সকল প্রার্থীকে দ্রুত সময়ের মধ্যে সরাসরি সুপারিশ অথবা ৭ম গণবিজ্ঞপ্তির সাইকেল-২-এর মাধ্যমে নিয়োগ প্রদান।
২. নতুন নীতিমালা বাস্তবায়নের আগে উত্তীর্ণ প্রার্থীদের বিষয়ভিত্তিক তথ্যের ভিত্তিতে শূন্যপদে নিয়োগ নিশ্চিত করা।
/এএ/এমএন