এসএসসি পরীক্ষা ও খাতা মূল্যায়নে অনিয়ম হলে কঠোর ব্যবস্থা: শিক্ষামন্ত্রী
ময়মনসিংহ ব্যুরো
প্রকাশ: ০৬ এপ্রিল ২০২৬, ০৯:৪৯ পিএম
আসন্ন এসএসসি ও সমমান পরীক্ষা সুষ্ঠুভাবে আয়োজনের পাশাপাশি খাতা মূল্যায়নে যথাযথ নিয়ম অনুসরণের নির্দেশ দিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি সতর্ক করে বলেছেন, কোনো পরীক্ষক খাতা মূল্যায়নে অনিয়ম করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
আজ সোমবার (৬ এপ্রিল) ময়মনসিংহের টাউনহল মিলনায়তনে আয়োজিত এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। সভায় ময়মনসিংহ শিক্ষা বোর্ড, মাদ্রাসা শিক্ষা বোর্ড ও কারিগরি শিক্ষা বোর্ডের কেন্দ্র সচিবরা অংশ নেন।
শিক্ষামন্ত্রী বলেন, দেশের মেট্রোপলিটন এলাকার শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে অনলাইন ও অফলাইন ক্লাস চালুর বিষয়ে সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের সঙ্গে আলোচনা করে আগামী বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর কাছে একটি প্রতিবেদন জমা দেওয়া হবে। পরবর্তীতে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
এদিকে সভায় সাংবাদিকদের সঙ্গে অনাকাঙ্ক্ষিত ঘটনায় জড়িত শিক্ষকদের বিরুদ্ধেও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান শিক্ষামন্ত্রী।
/এসআইএন