যুক্তরাজ্যভিত্তিক প্রতিষ্ঠানের উদ্যোগ
দেশে ১ হাজার সৌরবিদ্যুৎচালিত হিমাগার স্থাপনের পরিকল্পনা
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২২ নভেম্বর ২০২৬, ১২:২৮ পিএম
বাংলাদেশে কৃষিপণ্যের পচন ও অপচয় রোধ এবং কৃষকদের আয় বাড়াতে দেশজুড়ে ১ হাজার সৌরবিদ্যুৎচালিত কোল্ড স্টোরেজ (হিমাগার) স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। যুক্তরাজ্যভিত্তিক জলবায়ুপ্রযুক্তি ও টেকসই কৃষি উন্নয়ন সংস্থা জিরো ওয়েস্ট হারভেস্ট এ উদ্যোগ গ্রহণ করেছে।
প্রকল্পটি বাস্তবায়নে সহযোগিতা করবে বাংলাদেশের আইএড্রয়েট টেক বিডি লিমিটেড এবং প্যাসিফিক সোলার অ্যান্ড রিনিউয়েবল এনার্জি লিমিটেড।
শুক্রবার (২০ নভেম্বর ) বিকেলে লন্ডন বাংলা প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে হেফাজুল করিম রকিব এর পরিচালনায় এই প্রজেক্টের বিস্তারিত তুলে ধরেন জিরো ওয়েস্ট হারভেস্ট’র চেয়ারম্যান ও বাংলা টাউন ক্যাশ এন্ড ক্যারির স্বত্তাধিকারি মো: রফিক হায়দার।
এসময় বক্তব্য রাখেন ও সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন প্যাসিফিক সোলারের ম্যানেজিং ডাইরেক্টর ও জিরো ওয়েস্ট হারভেস্ট-এর সিইও ইব্রাহিম লোদী এবং আইএড্রয়েট টেক বিডি লিমিটেড এর ডাইরেক্টর ইমরান চৌধুরী। সংবাদ সম্মেলনে প্রকল্পের বাস্তবায়ন ত্বরান্বিত করতে জিরো ওয়েস্ট হারভেস্ট, প্যাসিফিক সোলার এবং আইএড্রয়েট টেক বিডি লিমিটেড একটি সমঝোতা চুক্তি স্বাক্ষর করেছে। এর মাধ্যমে আন্তর্জাতিক বিনিয়োগ, প্রযুক্তিগত দক্ষতা এবং স্থানীয় বাস্তবায়ন সক্ষমতার সমন্বয় ঘটানো হবে।
রফিক হায়দার বলেন, বাংলাদেশে প্রতিবছর শুধু শাকসবজি সংগ্রহের পর নষ্ট হওয়ার কারণে প্রায় ২৪০ কোটি মার্কিন ডলারের অর্থনৈতিক ক্ষতি হয়। আধুনিক সংরক্ষণব্যবস্থার অভাব, পর্যাপ্ত হিমাগার না থাকা এবং দুর্বল সরবরাহ অবকাঠামো এ ক্ষতির অন্যতম কারণ। এসব সমস্যা মোকাবিলায় নবায়নযোগ্য জ্বালানিনির্ভর আধুনিক হিমাগার স্থাপনের পরিকল্পনা নেওয়া হয়েছে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, জিরো ওয়েস্ট হারভেস্ট ইতোমধ্যে বাংলাদেশের কৃষি মন্ত্রণালয়ের অধীন কৃষি বিপণন অধিদফতরের সঙ্গে একটি চুক্তিপত্র স্বাক্ষর করেছে। এর আওতায় দেশের বিভিন্ন অঞ্চলে এক হাজার সৌরবিদ্যুৎচালিত হিমাগার স্থাপনের উদ্যোগ এগিয়ে নেওয়া হবে।
প্রস্তাবিত প্রকল্পের মাধ্যমে ফলমূল, শাকসবজি ও অন্যান্য দ্রুত পচনশীল কৃষিপণ্য দীর্ঘ সময় সংরক্ষণের সুযোগ সৃষ্টি হবে। এতে কৃষকরা ফসল সংগ্রহের পরপরই কম দামে বিক্রি করতে বাধ্য হবেন না। বাজার পরিস্থিতি বিবেচনায় সুবিধাজনক সময়ে পণ্য বিক্রির সুযোগ পেলে তাদের আয় বাড়বে বলে আশা করা হচ্ছে।
/এএন